রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিশন গঠন করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে ওই কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখাই এই কমিশনের কাজ। এবার সেই কমিশনের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
অভিযোগ, বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন একাধিক ক্ষেত্রে অনিয়মে জড়িয়েছিলেন ব্রাত্য। অ্যাকাডেমির তরফে পুরস্কার দেওয়া এবং বই প্রকাশের মতো বিষয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই মর্মে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে বলে খবর। অভিযোগগুলির গুরুত্ব বিবেচনা করেই তদন্তের নির্দেশ দিয়েছেন কমিশনের প্রধান বিশ্বজিৎ বসু।
এর আগে ধর্ষণ, শ্লীলতাহানি ও যৌন হেনস্থার মতো অভিযোগের তদন্তেও নাম জড়িয়েছে ব্রাত্য বসুর। তাঁর পাশাপাশি প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ প্রায় ৪০ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে বাগুইআটি থানায় এফআইআর দায়ের হয়েছে। সেই অভিযোগ ঘিরে যখন রাজনৈতিক মহলে চর্চা চলছে, তখনই বাংলা অ্যাকাডেমি সংক্রান্ত নতুন অভিযোগে চাপ বাড়ল ব্রাত্যর উপর।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে প্রকাশ্যে বিশেষ দেখা যায়নি ব্রাত্য বসুকে। তৃণমূলের একাধিক নেতা যখন দলবদল কিংবা দলীয় অবস্থান নিয়ে সরব, তখন কার্যত নীরব ছিলেন তিনি। তবে নিজের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর প্রথমবার টিভি নাইন বাংলায় মুখ খোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন ব্রাত্য। তাঁর দাবি, যিনি অভিযোগ করেছেন, তাঁকে তিনি চেনেন না। কোনও দিন তাঁর সঙ্গে কথাও হয়নি। গোটা বিষয়টিকে মিথ্যাচার বলেও দাবি করেন তিনি। পাশাপাশি জানান, তৃণমূলের দুই শিবিরের সঙ্গেই তাঁর কথা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগই তাঁকে আবার রাজনীতির ময়দানে সক্রিয় হতে বাধ্য করবে বলেও মন্তব্য করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
তবে সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই বাংলা অ্যাকাডেমি সংক্রান্ত অভিযোগে নতুন করে অস্বস্তিতে ব্রাত্য বসু। এবার কমিশনের তদন্তে কী উঠে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।