মধ্যমগ্রামে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী

TMC Woman Leader Arrest Photo-SNS

মধ্যমগ্রাম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত রায়ের বাড়িতে হামলার অভিযোগ। মঙ্গলবার সকালে এই হামলার ঘটনায় অভিযুক্ত স্থানীয় বিজেপি কর্মী লোকনাথ দাস। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যমগ্রাম পুর এলাকায়।

মঙ্গলবার সকালে  কাউন্সিলর সুশান্ত রায়ের স্ত্রী রূপালি রায় বাড়ির বাইরে ঠাকুরের বাসন পরিষ্কার করছিলেন। অভিযোগ, সে সময় আচমকাই ধারালো অস্ত্র নিয়ে কাউন্সিলরের বাড়িতে চড়াও হন লোকনাথ। অভিযুক্ত রূপালির উপর ঝাঁপিয়ে পড়লে তিনি কোনওমতে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে দ্রুত নিচে নামেন কাউন্সিলর সুশান্ত। তাঁর দাবি, অভিযুক্ত লোকনাথকে তিনি বাড়ির পাশের একটি গলি দিয়ে পালিয়ে যেতে দেখেছেন। তাঁর চিৎকার শুনে আশপাশের বাসিন্দারাও ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আপাতত বাড়ানো হয়েছে পুলিশি টহল। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। কাউন্সিলর সুশান্ত রায়ের দাবি, নির্বাচনের আগে এলাকায় আতঙ্ক ছড়াতেই তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। যদিও তাঁর সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। যদিও এই অভিযোগ নিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।