বন্দে ভারত ট্রেনের পরে এবারে বন্দে মেট্রো লোকাল। হ্যাঁ একদম ঠিক। এবারে হতে চলেছে এমনটাই। আর তা নিয়ে ইতি্মধ্যেই উত্তেজনা তুঙ্গে আমজনতার মধ্যে।
মুম্বইতে প্রথম চালু হবে এই বন্দে মেট্রো লোকাল। বাণিজ্যনগরী মুম্বইয়ে মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও জানা গিয়েছে এই মেট্রোর রেক তৈরি হবে ভারতে। মুম্বই রেলওয়ে বিকাশ কর্প জানিয়েছে, ন্যাশানাল ট্রান্সপোর্টারের তিনটে উৎপাদন কেন্দ্রে তৈরি হবে ২৩৮টি এসি লোকালের রেক।
এমআরভিসির চেয়ারম্যান বিলাস ওয়াড়েকর জানিয়েছেন, ১২ কোচের এসি লোকাল ট্রেন আগামী ২০২৭ সালে তৈরি হবে। ২৩৮টি এসি রেক তৈরি করতে সময় লাগবে ২০৩০ সালে। এর জন্য খরচ হবে প্রায় ১৯ হাজার ২৯৩ কোটি টাকা।
বন্দে মেট্রো লোকালের এসি কোচগুলি তৈরি হবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারি, কাপুরথালার রেল কোচ ফ্যাক্টারি ও রায়বেরিলির মডার্ণ কোচ ফ্যাক্টারিতে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই ট্রেন তৈরিতে আগে অনেক সমস্যা হচ্ছিল, তাই কেন্দ্রীয় সরকার দেশেরই তিনটি ফ্যাক্টরিতেই এই কোচগুলি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশে যদি এই কোচগুলি তৈরি হত, তাহলে তা হাতে পেতে ২০৩০ সাল হয়ে যেত। ভারতের কারখানাতে তৈরি এই কোচ তৈরি হয়ে যাবে ২০২৭ সালের মধ্যে। প্রথম রেক চালু হবে ২০৩০ সালে। ২০৩৪ সালের মধ্যে ২৩৮টি রেকই চালু হয়ে যাবে।
বিষয়টি নিয়ে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। দূরপাল্লার সবচেয়ে গতিময় এবং আধুনিক এই ট্রেনের ছোট সংস্করণ তৈরি করার কথা মাস কয়েক আগেই ঘোষণা করেছিল কেন্দ্র। তবে তখন বলা হয়েছিল, বন্দে ভারত এক্সপ্রেসের ওই ছোট সংস্করণ চালানো হবে দেশের বিভিন্ন মেট্রো রেলপথে। ১০০ কিলোমিটারের মধ্যে থাকা দু’টি শহরকে জুড়বে বন্দে ভারত মেট্রো। তবে ভারতীয় রেলই নির্দেশ দিয়েছে ওই বন্দে মেট্রোর রেক লোকাল ট্রেন হিসাবেও চালাতে। এ ব্যাপারে ইতিমধ্যেই মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশন (এমআরভিসি)-এর সঙ্গে কথা হয়েছে ভারতীয় রেল মন্ত্রকের। তারা এমআরভিসি ২৩৮টি বন্দে ভারত অধিগ্রহণের অনুমতি দিয়েছে। রেলের তরফে বলা হয়েছে মুম্বইয়ের সাব আর্বান রেল পরিষেবাকে আরও কয়েক ধাপ উন্নত করার জন্যই এই সিদ্ধান্ত।
দেশের ব্যস্ততম সাব আর্বান রেলপথ মহরাষ্ট্রের মুম্বইয়ে। ৩১৯ কিলোমিটার বিস্তৃত রেলপথে প্রতিদিন ৩১২৯টি ট্রেন যাত্রী পরিবহণ করে। এর মধ্যে বেশ কিছু বাতানুকূল লোকাল ট্রেনও রয়েছে। যার ব্যবস্থা অনেকটা এসি মেট্রো রেলের মতোই। রেল সূত্রে খবর, বন্দে ভারত মেট্রো সাব আর্বান পরিষেবা (এই নামই হতে চলেছে বন্দে ভারত লোকাল ট্রেনের) এসি লোকালেরই আধুনিকতম সংস্করণ। যাতে বন্দে ভারত এক্সপ্রেসের মতোই অধিকাংশ সুযোগ সুবিধা থাকবে। যাত্রী ধারণ ক্ষমতাও হবে এসি লোকালের থেকে বেশি।