বলাগড়ে বন্দরের নতুন গেটওয়ে, কলকাতায় রোড শো

কলকাতা বন্দরের চাপ কমাতে এবার নজর বলাগড়ে। সেখানে তৈরি হতে চলেছে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম। সেই প্রকল্পের সম্ভাবনা তুলে ধরতে বুধবার কলকাতার দ্য বেঙ্গল ক্লাবে রোড শো করল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এবং ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের চেয়ারম্যান রথেন্দ্র রমন-সহ বন্দর, শিল্প ও লজিস্টিকস ক্ষেত্রের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সুব্রত বলেন, বলাগড় প্রকল্প কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের ভাল উদাহরণ। রেল, সড়ক ও জলপথের পরিকাঠামো তৈরি করছে কেন্দ্র। শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য। প্রকল্পের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রও ইতিমধ্যে মিলেছে। তাঁর মতে, এই প্রকল্প বাণিজ্য ও শিল্পের প্রসারে গতি আনবে।

রথেন্দ্র জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলাগড়ে অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল এবং রোড ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রকল্পটি চালু হলে কলকাতা ডক সিস্টেমের উপর চাপ কমবে। জলপথে পণ্য পরিবহণ হওয়ায় পরিবেশের উপর চাপও তুলনামূলক কম পড়বে।


৫৩৮.২০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে প্রকল্পটি। বছরে ২.৭ মিলিয়ন টন পণ্য পরিবহণের ক্ষমতা থাকবে। কলকাতা ডক সিস্টেম থেকে ৮৫ কিলোমিটার উজানে জাতীয় জলপথ-১-এর ধারে বলাগড়ে গড়ে উঠবে এই পরিকাঠামো। রোড শো-তে শিল্পমহলের সাড়া মিলেছে।