বেকার যুবক–যুবতীদের কর্মদক্ষ করে স্বনির্ভর জীবনের পথে এগিয়ে দিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বাগবাজারের রামকৃষ্ণ মঠের অধীন মা সারদা স্বনির্ভর কেন্দ্র। গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্সের আর্থিক সহায়তায় একাধিক বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি চালু রেখে চলতি ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রশিক্ষণ ব্যাচের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার মঠ প্রাঙ্গনে।
এই কর্মসূচির মূল লক্ষ্য শুধু শংসাপত্র দেওয়া নয়, বাস্তবমুখী হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সরাসরি কর্মসংস্থানের উপযোগী করে তোলা। প্রশিক্ষণের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে ফ্লেবোটমি টেকনিশিয়ান, সেলাই মেশিন অপারেটর এবং ফিল্ড টেকনিশিয়ান— এসি ও অন্যান্য গৃহস্থালী যন্ত্রপাতি মেরামতির মতো চাহিদাসম্পন্ন ক্ষেত্র। আয়োজকদের বক্তব্য, বর্তমান কর্মসংস্থানের বাজারে যে দক্ষতার চাহিদা রয়েছে, সেই প্রয়োজন মাথায় রেখেই এই পাঠ্যক্রম তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে মোট ৯০ জন সফল প্রশিক্ষণার্থীর হাতে শংসাপত্র তুলে দেন গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্সের ডিরেক্টর (ফাইনান্স) শ্রী নিরঞ্জন ভালেরাও, বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ, জিআরএসই–এর ডেপুটি ম্যানেজার (এইচআর–সিএসআর) শ্রী রবি সাহা, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন ডিএমই শ্রীদেবাশিস ভট্টাচার্য এবং স্বামী অভিন্নানন্দ প্রমুখ।
বক্তারা জানান, সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের যুবসমাজকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রবেশের উপযুক্ত করে তোলাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। তাঁদের কথায়, ‘শুধু চাকরির অপেক্ষায় থাকা নয়, দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের কর্মজীবনের পথ নিজেকেই তৈরি করতে হবে।’
মঠ কর্তৃপক্ষের দাবি, ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচির মাধ্যমে আরও বেশি সংখ্যক যুবক–যুবতীকে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হবে। কারণ আত্মনির্ভর সমাজ গড়তে হলে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই।