বাড়ি তৈরি করতে গিয়ে সামান্য গাফিলতি নয়, নির্মাণকাজে এমন বেপরোয়া অবহেলা যে প্রাণহানির আশঙ্কাকেও কার্যত উপেক্ষা করা হয়েছিল! পাঁচতলা বাড়ি ভেঙে ১৫ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রোমোটারের বিরুদ্ধে খুনের অভিযোগেই চলবে বিচার। গুরুতর অভিযোগ থেকে রেহাই চেয়ে প্রোমোটারের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ২০২৪ সালের আজহার মোল্লা বাগানের ভয়াবহ বাড়ি বিপর্যয়ের ঘটনায় অভিযুক্ত মহম্মদ ওয়াসিমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ বহাল রাখলেন বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস।
বিচারপতির পর্যবেক্ষণ, প্রয়োজনীয় প্রযুক্তিগত যোগ্যতা না থাকা সত্ত্বেও অভিযুক্ত নিজে সক্রিয়ভাবে বাড়ি নির্মাণের কাজে যুক্ত ছিলেন। সেই নির্মাণই শেষ পর্যন্ত ভেঙে পড়ে। প্রাণ হারান ১৫ জন, আহত হন আরও অনেকে। এই পরিস্থিতিতে মামলার এই পর্যায়ে খুনের মতো গুরুতর অভিযোগ সরিয়ে তুলনায় লঘু ধারায় বিচার চালানোর নির্দেশ দিলে মামলার গুরুত্ব এবং অভিযুক্তের কথিত ভূমিকা নিয়ে প্রসিকিউশনের কার্যকরভাবে মামলা চালানোর সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ মার্চ কলকাতার আজহার মোল্লা বাগানে ভেঙে পড়ে নির্মীয়মাণ পাঁচতলা বাড়িটি। বিপর্যয়ের পর কলকাতা পুরসভার পরিদর্শনে উঠে আসে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছিল ওই বাড়ি। ঘটনায় তদন্তের পর ২০২৪ সালের ডিসেম্বর মাসে নিম্ন আদালত অভিযুক্তের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, সম্পত্তির ক্ষতিসাধন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে চার্জ গঠন করে।
সেই চার্জকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রোমোটার ওয়াসিম। তাঁর আইনজীবীদের যুক্তি ছিল, যে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল, তাতে খুন বা এই ধরনের গুরুতর অপরাধের উপাদানের উল্লেখ ছিল না। অভিযুক্তের কোনও খুনের উদ্দেশ্য ছিল না, এমনকী বাড়িটি নির্দিষ্ট দিনে ভেঙে পড়বে এবং সেখানে থাকা ১৫ জনের মৃত্যু হবে, এমন জ্ঞানও তাঁর ছিল না। ফলে খুনের ধারায় বিচার চালানো যায় না।
কিন্তু পাল্টা যুক্তিতে সরকারি আইনজীবীরা জানান, তদন্তে উঠে এসেছে, নির্মাণসামগ্রী মেশানোর ক্ষেত্রে শ্রমিকদের অনুপাত না মেনে উপকরণ মেশানোর নির্দেশ দিয়েছিলেন ওয়াসিম। বাড়ির স্তম্ভ তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। উপরন্তু, প্রয়োজনীয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নির্মাণকাজ চলছিল।
দু’পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্তের আবেদন খারিজ করে বিচারপতি স্পষ্ট করে দেন, এই পর্যায়ে খুনের অভিযোগ কমিয়ে দিলে মামলার বিচারপ্রক্রিয়া কার্যত দুর্বল হয়ে পড়তে পারে। তবে এর অর্থ এই নয় যে অভিযুক্ত আগাম দোষী সাব্যস্ত হয়ে গেলেন।
বিচার চলাকালীন পেশ হওয়া সমস্ত প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তের দায় এবং মামলার চূড়ান্ত পরিণতি নির্ধারণ করবে বিচারিক আদালত।
অভিযুক্তের বিরুদ্ধে অতীতের অপরাধমূলক কার্যকলাপের অভিযোগও প্রসিকিউশনের তরফে আদালতে তুলে ধরা হয়েছিল। তার মধ্যে খুনের মামলার পূর্ব ইতিহাসের কথাও উল্লেখ করা হয়।