গ্রেপ্তারি এড়াতে আগাম জামিনের আবেদন অতীন ঘোষের

Image: IANS

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই একাধিক প্রভাবশালী নেতা গ্রেপ্তার হয়েছেন। এবার জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের নাম জড়িয়েছে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর সম্ভাব্য গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। একই সঙ্গে মামলার দ্রুত শুনানির আবেদনও জানান। তবে সেই আবেদন মঞ্জুর করেনি আদালত।

মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে অতীন ঘোষের পক্ষে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। আদালতে জানানো হয়, মামলাকারীর ঘনিষ্ঠ এক আত্মীয় ক্যানসারে আক্রান্ত। তবে সেই যুক্তিতে বিশেষ গুরুত্ব দেয়নি আদালত। বিচারপতি মন্তব্য করেন, ‘এই ধরনের মামলার জন্য সাধারণ মানুষের মামলা শুনতে পারছি না। তাঁদের সমস্যাও বাড়ছে।‘ জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে।

রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন জেলায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে জমি ও বাড়ি দখল, কম দামে সম্পত্তি হাতিয়ে নেওয়া এবং দুর্নীতির অভিযোগ উঠেচে। সেই অভিযোগের ভিত্তিতে একাধিক জায়গায় তদন্ত শুরু করেছে পুলিশ এবং কয়েক জন নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। বিভিন্ন এলাকায় বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে তৃণমূলের নেতাদের।


সেই প্রেক্ষাপটেই অতীন ঘোষের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। বিধাননগরের এক ব্যবসায়ীর অভিযোগ, ২০১৭ সালে তাঁর জমি ও বাড়ি জোর করে বাজারদরের তুলনায় অনেক কম মূল্যে হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনায় শুধু অতীন ঘোষ নন, তাঁর মেয়ে এবং জামাইয়ের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।