ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠ আব্দুল কেরিম খান, ৩২টি মামলায় অভিযুক্ত

Anubrata Mondal Photo-ANI

ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আব্দুল কেরিম খান। শনিবার রাতে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বেরনোর সময় তাঁকে আটক করে নানুর থানার পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, শুধু এই মামলাই নয়, মোট ৩২টি অপরাধমূলক মামলায় অভিযুক্ত কেরিম খান।

নানুরের সাঁতরা গ্রামের বাসিন্দা আব্দুল কেরিম খান একসময় বীরভূমের রাজনীতিতে যথেষ্ট প্রভাবশালী ছিলেন। তিনি জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে চলছিলেন কেরিম। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে বোলপুরের দলীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বেরনোর সময় তাঁকে আটক করা হয়।

রবিবার তাঁকে বোলপুর মহকুমা আদালতে পেশ করার কথা। তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানাতে পারেন তদন্তকারীরা। বীরভূমের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সন্ত্রাস ও ভোট পরবর্তী হিংসার একাধিক ঘটনায় তাঁর নাম জড়িয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


গরু পাচার ও বালি পাচার সংক্রান্ত অভিযোগের সূত্রেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ছিলেন কেরিম খান। নানুরের বাসাপাড়া মিলনমেলা প্রাঙ্গণ এবং নিজের গ্রাম সাঁতরায় জমি জবরদখলের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

এদিকে, সম্প্রতি শান্তিনিকেতন থানার এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত রতন শেখের পৈতৃক বাড়িও সাঁতরা গ্রামে। একই গ্রামের বাসিন্দা হওয়ায় কেরিম খানের গ্রেফতারি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও ওই গুলিচালনার ঘটনার সঙ্গে কেরিমের গ্রেফতারির কোনও যোগ রয়েছে কি না, তা স্পষ্ট করেনি বীরভূম জেলা পুলিশ।

কেরিম খানের গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি অনুব্রত মণ্ডল। অন্যদিকে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বিরুদ্ধে থাকা একাধিক মামলার যোগসূত্র খুঁজে বের করতে চাইছেন তদন্তকারীরা।