শিশুদের হাসি, আনন্দ আর স্বপ্নকে ঘিরে বিশেষ উদ্যোগ। শিশু দিবস উপলক্ষে শনিবার, ১৪ নভেম্বর কলকাতায় এক আনন্দমুখর শিশু উৎসবের আয়োজন করেছিল ‘আমরা পদাতিক’। যৌনকর্মীদের সন্তানদের নিয়ে কাজ করা এই সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রান্তিক শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক অধিকার ও সার্বিক বিকাশের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ‘আমরা পদাতিক’। প্রতিটি শিশুর মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা, সৃজনশীলতা ও স্বপ্নকে উৎসাহিত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
এ বছরের শিশু দিবসের মূল ভাবনা ছিল, ‘শিশুর হাসিতেই ফুটে উঠুক আগামীর স্বপ্ন, প্রতিটি শিশুর অধিকার হোক আনন্দময় শৈশব।’ এই বার্তাকে সামনে রেখেই শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
শনিবার বিকেল ৪টে থেকে কলকাতার বউবাজারের মসজিদ বাড়ি স্ট্রিটে অনুষ্ঠিত হয়েছিল এই উৎসব। অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল নাচ, গান, আবৃত্তি-সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা।
শিশুদের মুখে হাসি ফোটানো, তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং আনন্দময় শৈশবের অধিকারকে উদ্যাপন করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে তুলতে সংগঠনের এই উদ্যোগে সামিল হয়েছিলেন অনেকে।
‘আমরা পদাতিক’-এর সম্পাদক শতাব্দী সাহা অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।