শ্যামাপ্রসাদের রাজ্যে প্রথমবার সরকার গঠন করে ক্ষমতায় এসেছে বিজেপি। সোমবার, ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে শহরে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ।
বাংলায় ক্ষমতায় আসার পরে ৬ জুলাই প্রথম রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার কলকাতা বিমানবন্দরে নামার পরে বিকেল চারটে বেজে দশ মিনিট নাগাদ ইকো পার্কে যাবেন অমিত শাহ। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট লম্বা মূর্তি তৈরির কাজের সূচনা করবেন। এরপর সেখান থেকে বেরিয়ে অমিত শাহ বিকেল পাঁচটা নাগাদ ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে যাবেন।
সেখানে শ্যামাপ্রসাদের মূর্তিতে তিনি মাল্যদান করবেন। এরপর বাইপাস সংলগ্ন মিলন মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে সোমবার অংশ নেবেন শাহ। সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাখারও কথা রয়েছে। আজ বাংলার বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য বিজেপি।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ অনেক নেতা-মন্ত্রীরা উপস্থিত থাকবেন। অন্যদিকে, রাজ্য বিজেপি সরকারের পক্ষ থেকে কলকাতার ছয় নম্বর মুরলীধর সেন লেনের বিজেপির রাজ্য দপ্তর-সহ একাধিক জায়গায় শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছরই ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করে বিজেপি। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছরটা আলাদা। কারণ চলতি বছর রাজ্যে প্রথম ক্ষমতা দখল করেছে বিজেপি। তাই প্রতি বছর এই দিনটি পালন করা হলেও এ বছর শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী পালন কিছুটা হলেও বাড়ি গুরুত্ব পেয়েছে। তবে শুধু ৬ জুলাই নয়, আগামী এক বছর ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক দর্শন রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি সরকার।