আয়কর ভবনে মর্যাদার সঙ্গে পালিত আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী

নিজস্ব চিত্র

ভারতের সংবিধান প্রণেতা ভীমরাও রামজি আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী কলকাতার আয়কর ভবনে মর্যাদার সঙ্গে পালিত হল। এই উপলক্ষে উপস্থিত আধিকারিক ও কর্মীরা তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটি সেবা পশ্চিমবঙ্গ ইউনিটের সাধারণ সম্পাদক সুদীপ মজুমদার, সহ-সভাপতি অনুপম মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। গোটা অনুষ্ঠান জুড়ে আম্বেদকরের আদর্শ ও তাঁর অবদানকে স্মরণ করা হয়।

সুদীপ মজুমদার বলেন, ‘ডঃ আম্বেদকর শুধুমাত্র একজন আইনজ্ঞ নন, তিনি ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ, সমাজ সংস্কারক এবং মানবাধিকারের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর আদর্শ আজও সমাজের প্রতিটি স্তরে সমানভাবে প্রাসঙ্গিক।’ তিনি আরও জানান, সামাজিক ন্যায়, সমতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আম্বেদকরের আজীবন সংগ্রাম নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

অনুপম মজুমদার বলেন, ‘এই ধরনের অনুষ্ঠান শুধু শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাঁর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করার অঙ্গীকারও।’ অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই একসঙ্গে বাবাসাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর দেখানো পথ অনুসরণ করে একটি সমতাভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার সংকল্প গ্রহণ করেন।