ক্ষমতায় আসার পর থেকেই নারী-নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি করেছে বিজেপি সরকার। মহিলাদের অপমান-অবমাননা বরদাস্ত করা হবে না বলে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাতের কলকাতায় মহিলাদের মিছিলে যোগ দেওয়ার ডাক দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর ঘোষণা, আগামী ১৪ আগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল হবে। পরে গোলপার্ক থেকে ফের বালিগঞ্জ শিক্ষাসদনে ফিরবে মিছিল। স্বাধীনতার আগের দিন এই পদযাত্রায় সমাজের সর্বস্তরের মহিলাদের শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর পাশাপাশি পূর্বতন সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, মহিলারা যখন খুশি রাস্তায় বেরোতে পারেন, যা খুশি পোশাক পরতে পারেন। মহিলাদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের।
অগ্নিমিত্রা বলেন, ‘১৪ তারিখ আট থেকে আশি সকল মহিলাকে আহ্বান জানাচ্ছি। মহিলাদের স্বাধীনতার স্বার্থে আমরা রাত ৯টায় রাস্তায় নামব।’ তাঁর বক্তব্য অনুযায়ী, বালিগঞ্জ শিক্ষাসদন থেকে ব্রিজ ধরে গোলপার্ক এবং সেখান থেকে ব্রিজের নীচ দিয়ে ফের শিক্ষাসদনের দিকে মিছিল যাবে। স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে এই কর্মসূচিতে বাংলার মা-বোনেদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কর্মসূচিতে সমর্থন জানিয়েছে কলকাতা পুলিশ। এই পদযাত্রায় শামিল থাকবে কলকাতা পুলিশের দুর্গা বাহিনীর মহিলা পুলিশ কর্মীরাও।
নারীদের পোশাক, বাইরে বেরনোর সময় কিংবা চলাফেরা নিয়ে প্রশ্ন তোলার প্রবণতারও সমালোচনা করেছেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, আগের তৃণমূল সরকারের আমলে নারী নির্যাতনের বহু ঘটনা ঘটেছে এবং অনেক সময় মেয়েদেরই পোশাক বা রাতে বাইরে বেরনোর সময় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তাঁর কথায়, ‘আমরা কী পরব, কী পরব না, কখন বেরোব, কখন নয়–তা ঠিক করার সিদ্ধান্ত কারও নেই। আগের মুখ্যমন্ত্রীও অনেক সময় মেয়েদের এসব বলে অপমান করেছেন। এখন আর এসব চলবে না।’
নারী-নিরাপত্তায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। চলতি শিক্ষাবর্ষ থেকেই সরকারি স্কুলে শুরু হচ্ছে ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ’। এই প্রশিক্ষণে ছাত্রীদের আত্মরক্ষার কৌশল হাতে-কলমে শেখানো হবে। পাশাপাশি রাজ্যে মহিলা থানার সংখ্যা বৃদ্ধি, রাস্তায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ এবং দ্রুত অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন ডেস্ক চালুর কথাও জানানো হয়েছে।
অগ্নিমিত্রার বার্তা, নারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আত্মরক্ষায় মহিলাদের নিজেদের সক্ষম করে তুলতে হবে। স্বাধীনতার আগের রাতের মিছিল সেই বার্তাকেই সামনে রাখবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি করে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদ জানাতেই রাতের রাস্তায় নেমেছিল গোটা রাজ্য। স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ আগস্ট নারী-পুরুষ নির্বিশেষে কলকাতার রাজপথে নেমেছিল অসংখ্য মানুষ। অভয়ার বিচার চেয়ে রাস্তায় হেঁটে এমন ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছিল মানুষ। ঘটনার ঠিক দু’বছর পর রাজ্যে সরকার বদল হতে ফের ১৪ আগস্ট রাতে মেয়েদের মিছিলের ডাক দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।