দীপাবলির রেশ কাটলেও নিষিদ্ধ বাজি ফাটানো এবং বিশৃঙ্খল আচরণের ঘটনা অব্যাহত। পরিস্থিতি সামাল দিতে অভিযানে নেমে মোট ১৫৯ জনকে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ৪৭২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১১ নভেম্বরের পুলিশি পরিসংখ্যান অনুযায়ী, নিষিদ্ধ বাজি ফাটানো থেকে শুরু করে মত্ত অবস্থায় গাড়ি চালানো—বিভিন্ন অপরাধে এই পদক্ষেপ করা হয়েছে।
পুলিশের তরফে জানা গিয়েছে, নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশৃঙ্খল আচরণের অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ১৫৩ জন। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা ১৫৯। অভিযানে মোট ১৫ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে বেআইনি মদ উদ্ধারের কোনও ঘটনা ঘটেনি।
অন্য দিকে, ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মোট ৪৭২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। হেলমেট ছাড়া বাইকের পিছনের আসনে বসার জন্য ৬৪ জন এবং হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ২০৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়াও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৬৯ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য ৫৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে আরও ৭৫ জনের বিরুদ্ধে।
পুলিশের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এক দিনে নিষিদ্ধ বাজি ও বিশৃঙ্খল আচরণের ঘটনায় গ্রেফতারির পাশাপাশি ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রেও নজরদারি ও পদক্ষেপ জারি রয়েছে।