চোখের চিকিৎসায় বিদেশযাত্রা স্থগিত, এসএসকেএমের মেডিক্যাল বোর্ডের রিপোর্টের পরে সিদ্ধান্ত

File photo

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিদেশযাত্রার অনুমতি দেওয়ার আগে তাঁকে এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে আদালত। মেডিক্যাল বোর্ডের রিপোর্ট হাতে পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালতের তরফে জানানো হয়েছে।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ডিজে মামলার শুনানির সময় অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায় চিকিৎসার প্রয়োজনে বিদেশে যাওয়ার অনুমতি চান। শুনানির সময় বিচারপতি জানতে চান, কলকাতার কোনও চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়েছে কি না। জবাবে আইনজীবী জানান, গত এক দশক ধরে আমেরিকায় অভিষেকের চোখের নিয়মিত চিকিৎসা চলছে। সেখানেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

রাজ্যের পক্ষ থেকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বিদেশযাত্রার বিরোধিতা করে আদালতে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মামলার সঙ্গে যুক্ত থাকায় এই মুহূর্তে বিদেশে যাওয়ার অনুমতি তদন্তে প্রভাব ফেলতে পারে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতির নির্দেশ, এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম গঠন করা হবে। সেই টিমের রিপোর্টের ভিত্তিতেই আদালত বিদেশে চিকিৎসার অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে।


সেই সঙ্গে আদালত জানায়, যদি বিশেষজ্ঞরা মত দেন যে কলকাতায় প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব নয়, তবে বিদেশে চিকিৎসার আবেদন ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। এদিকে, বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেকের করা পৃথক আবেদনও এখনও বিচারাধীন রয়েছে। ওই মামলার দ্রুত শুনানির আবেদন আগে খারিজ হলেও বিচারপতি জানিয়েছেন, আগামী আগস্ট মাসে সেই বিষয়ে শুনানি হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের নীচে গুরুতর আঘাত লাগে। এরপর দেশে চিকিৎসার পাশাপাশি বিদেশেও একাধিকবার চিকিৎসা করিয়েছেন তিনি।

আরও পড়ুন: ডিজে মামলায় বড় স্বস্তি অভিষেকের, অক্টোবর পর্যন্ত মিলল রক্ষাকবচ

অন্যদিকে, একই দিনে ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ আগামী অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে ওই মামলায় কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে। সেই সঙ্গে তদন্ত দ্রুত শেষ করার জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। এর আগে আদালতের নির্দেশে গত বুধবার বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ও পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে আদালতকে জানিয়েছেন তাঁর আইনজীবী।