বিদেশযাত্রায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম পথে অভিষেক

Supreme Court Photo-SNS

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই অনুমতি দেয়নি। এবার বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সোজা শীর্ষ আদালতের দারস্থ হলেন অভিষেক। আগামী ৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।

সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের আবেদনে জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তিনি ডিজে মামলায় সহযোগিতা করেছেন। কন্ঠস্বরের নমুনাও দিয়েছেন। কিন্তু তারপরেও হাইকোর্ট তাঁর চিকিৎসার জন্য করা আবেদনে সাড়া দিচ্ছে না। তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। সেই কারণে তিনি এবার সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন।

এর আগে গত ২০ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ডিজে মামলার শুনানি ছিল। সেই শুনানিতে অভিষেকের পক্ষের আইনজীবী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিদেশযাত্রার অনুমতি চান। সেই সময়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য নিদের্শ দিয়েছিলেন, এসএসকেএম হাসপাতালের বোর্ড গঠন করে অভিষেকের চোখের পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট জমা দেওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার আর্জির বিরোধিতা করা হয়।


আরও পড়ুন: রাজ্যের আবেদন খারিজ, অভিষেকের দলীয় কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ বহাল

উল্লেখ্য, ২০১৬ সালে অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার মুখে পড়েন। দুর্ঘটনার পরে তাঁর চোখের নীচে গুরুতর আঘাত লাগে। প্রথমে দেশের একাধিক হাসপাতালে তিনি চিকিৎসা করান। একাধিকবার বাঁ চোখে অস্ত্রোপচারও হয়েছে তাঁর। চোখের চিকিৎসার জন্য তিনি একাধিকবার বিদেশেও গিয়েছেন। এবার বিদেশযাত্রার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নিদের্শকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।