৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ! গ্রেফতার অভিষেকের ব্যক্তিগত সহকারী, ১০ দিনের পুলিশ হেফাজত

Photo: Statesman

১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়কে। প্রায় ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এর আগেই মাটি চুরির অন্য একটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছিল।

দক্ষিণ ২৪ পরগনার কালীতলা আশুতি থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে এই গ্রেফতারি। শনিবার আদালতে পেশ করা হলে সুমিতকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এই মামলায় সুমিত রায়-সহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে একটি নির্দিষ্ট জমি থেকে বিপুল পরিমাণ মাটি তুলে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। তদন্তকারীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ওই মাটির বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা।


দীর্ঘ আট বছর ধরে এই কারবার চলেছে বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, মাটি বিক্রির টাকা একাধিক জায়গায় সরানো হয়েছে। এমনকি কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ওই টাকা পাঠানো হয়েছিল বলে সন্দেহ পুলিশের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত সুমিত রায়ের এই মামলায় গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। মাটি তোলা ও বিক্রির কারবারে তাঁর ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

১০ দিনের পুলিশ হেফাজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকি সদস্যদের পরিচয়, মাটি পাচারের পদ্ধতি এবং বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের হদিস পেতে চাইছে পুলিশ। পাশাপাশি মামলায় অভিযুক্ত বাকি ২২ জনের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।