চিনা মাঞ্জায় গুরুতর আহত এক পুলিশ কর্মী

KOLKATA POLICE PIC- ANI

সর্বনাশা চিনা মাঞ্জার শিকার এবার এক পুলিশ অফিসার। মা ফ্লাইওভার ধরে বাড়ি ফেরার সময় চিনা মাঞ্জায় গলা কেটে গুরুতর আহত হন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এএসআই সঞ্জীব নাগ। তাঁর পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে দ্রুত তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় কলকাতা পুলিশের সাব-ইনস্পেক্টর সঞ্জীব নাগ কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোর পরেও অনেক জায়গায় ঘুড়ি ওড়ানো হয়। আর সেখানেই ব্যবহার করা হয় বেআইনি চিনা মাঞ্জা। এর আগে এই বিপজ্জনক মাঞ্জার শিকার হয়েছেন বহু মানুষ। আহত হওয়ার পাশাপাশি চিনা মাঞ্জার কারণে বাইক আরোহীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। তারপরেও যে সচেতনতা তৈরি হয়নি, এই ঘটনাই তার প্রমাণ।

মাঞ্জার সুতো আটকানোর জন্য পুরো ফ্লাইওভারজুড়ে তারের জাল দেওয়া সম্ভব হয়নি। ফলে এখনও ফ্লাইওভারের কিছু অংশে বিপদের মুখে পড়ছেন বাইক চালকেরা। গলা বা মুখে সুতো জড়িয়ে আহতও হচ্ছেন অনেকে। তবে এবার এক পুলিশ আধিকারিক গুরুতর আহত হওয়ায় বিষয়টি নিয়ে নজরদারি আরও জোরদার করেছে প্রশাসন। কড়েয়া ও তপসিয়া থানার পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে। প্রয়োজনে দূরবীন ব্যবহার করেও নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে।


রবিবার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন ওই পুলিশ আধিকারিক। ইএম বাইপাসের দিকে বাইকে যাওয়ার সময় হঠাৎ গলায় টান অনুভব করেন তিনি। বাইক নিয়ে কিছুটা এগোতেই বুঝতে পারেন, চিনা মাঞ্জার সুতো তাঁর গলায় কেটে বসে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই গলা থেকে রক্ত বেরোতে শুরু করে। এরপর বাইক থেকে রাস্তায় পড়ে যান তিনি। ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে স্থানীয়দের তৎপরতায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘুড়িটি কারা ওড়াচ্ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।