কলকাতা পুরসভায় প্রথম শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তী, সপ্তাহজুড়ে চলবে স্বচ্ছতা অভিযান

Photo: Representational Image

কলকাতা পুরসভার উদ্যোগে এই প্রথমবার পালিত হলো ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। সোমবার পুরসভার সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক রীতেশ তিওয়ারি, বিজয় ওঝা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এদিনের গোটা অনুষ্ঠানের আয়োজন করেন পুর প্রশাসক স্মিতা পাণ্ডে।

অনুষ্ঠানের পাশাপাশি শহরজুড়ে সপ্তাহব্যাপী ‘স্বচ্ছতা সেবা মিশন’ পালনেরও ঘোষণা করা হয়। পুর প্রশাসক স্মিতা পাণ্ডে জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। শুধু সরকারি অফিসই নয়, শহরের বিভিন্ন থানাতেও চলবে এই বিশেষ স্বচ্ছতা অভিযান।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তাপস রায় বলেন, ‘ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে দীর্ঘদিন ইতিহাসের আড়ালে রাখার চেষ্টা হয়েছে। পশ্চিমবঙ্গ গঠনে তাঁর ভূমিকা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়নি। বর্তমান সরকার সেই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। বাংলার ঘরে ঘরে তাঁর ত্যাগ, সংগ্রাম ও আদর্শের কথা পৌঁছে দেওয়া হবে।’


তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর কথায়, ‘ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে বাঙালিরা নিজেদের ভারতীয় বলতে পারতেন না। পশ্চিমবঙ্গের রাজধানী হয়তো ঢাকা বা ইসলামাবাদ হতো। তাঁর আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।’

পুর প্রশাসক স্মিতা পাণ্ডে বলেন, ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শিতা, কর্মদর্শন এবং সমাজভাবনা আজও সমান প্রাসঙ্গিক। তাঁর জীবনদর্শনকে সামনে রেখেই সমাজের এগিয়ে যাওয়া উচিত। কলকাতা পুরসভাও সেই মূল্যবোধকে ধারণ করেই নাগরিক পরিষেবা দেওয়ার চেষ্টা করবে। এদিন ‘বন্দে মাতরম’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শেষে ‘জন গণ মন’ গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কলকাতা পুরসভার ইতিহাসে প্রথমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হওয়ায় এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করছে বলে মত পুর কর্মীদের।