কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে নামল পুরসভা বুলডোজার। বৃহস্পতিবার সকালে ১২১, কালীঘাট রোডে তাঁর বাড়ির সামনের ফুটপাত দখল করে রাখা বাঁশের অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হল। বুলডোজার দিয়ে শেডটি গুঁড়িয়ে দেোয়ার পর বাঁশ এবং অন্যান্য সরঞ্জাম সরিয়ে ফুটপাত পরিষ্কার করে পুরসভার কর্মীরা। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয় বাড়ির সীমানা প্রাচীরের বাইরের লোহার গেটও। সেটি গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয়। ফুটপাতের জায়গা দখল করেই গেটটি বসানোর অভিযোগ। পুরসভার এই অভিযানকে ঘিরে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
অভিষেকের বাড়ির সামনের অস্থায়ী শেড নিয়ে গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছিল। ফুটপাতের উপর ওই কাঠামো থাকায় সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। গত শুক্রবার রাতে অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কালীঘাটে। তখন ওই শেডের নীচে বহু মানুষকে জমায়েত করতে দেখা গিয়েছিল।
বুধবার সন্ধ্যায় অভিষেকের বাড়ির সামনে গিয়েছিল পুলিশ। কালীঘাট তৃণমূলের দাবি, শেড খোলার বিষয়েই পুলিশ সেখানে গিয়েছিল। যদিও তার আগেই অভিষেকের দপ্তরে কর্মীরা নিজেরাই কাঠামোটি খুলে ফেলার কাজ শুরু করেছিলেন।
শেডটি তৈরি করার পিছনে নিরাপত্তাজনিত কারণের কথা জানিয়েছিল কালীঘাট তৃণমূল। দলের মুখপাত্র অর্ক নাগ জানিয়েছেন, অভিষেক যখন জেড প্লাস নিরাপত্তা পেতেন, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বসার জন্য পশ্চিমবঙ্গের ডাইরেক্টরেট অফ সিকিউরিটির তরফেই ওই অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে সরকার পরিবর্তনের পর সাংসদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে ওই শেডের আর প্রয়োজন ছিল না।
বুধবার সন্ধ্যায় অর্ক জানিয়েছিলেন, নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ার পর শেডটি খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিষেক নিজেই। তাঁর কথায়, এই শেডটি পুলিশই বানিয়েছিল। এই মুহূর্তে নিরাপত্তা প্রত্যাহার হয়ে যাওয়ার ফলে এই শেডটির আর প্রয়োজন নেই। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে শেডটি খুলে নেওয়ার ব্যবস্থা করা হয়।
তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেডটি পুরোপুরি খোলা সম্ভব না হওয়ায়, শেষ পর্যন্ত পুরসভার কর্মীরাই বুলডোজার দিয়ে কাঠামোটি ভেঙে ফেলে। পাশাপাশি ফুটপাতের উপর থাকা লোহার গেটটিও কেটে সরানো হয়।
এই ঘটনায় যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তাই এলাকায় প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছিল। তবে পুরসভার কর্মীদের কেউ বাধা দেওয়ার চেষ্টা করেনি বলেই খবর। এই বিষয়ে কালীঘাটের তৃণমূলের কোনও প্রতিক্রিয়াও মেলেনি।
দেখুন-<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=G-AwcAUn2J8f6VGp” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>