৩,০০০ পুলিশ চাকরিপ্রার্থীর মিছিল, ফল প্রকাশের দাবিতে হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন

চারটি পুলিশ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রিতার অভিযোগ। ফল প্রকাশের দাবিতে প্রায় ৩,০০০ চাকরিপ্রার্থী ও শিক্ষককে নিয়ে পথে নামার প্রস্তুতি। কিন্তু মিছিলের আগেই জটিলতা তৈরি হয়েছে পুলিশের অনুমতি নিয়ে। শেষ পর্যন্ত সেই অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীরা। সোমবার মামলার শুনানি হওয়ার কথা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে।

আদালতে দায়ের করা মামলায় আবেদনকারীদের বক্তব্য, আগামী ৩১ অগস্ট দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। করুণাময়ী বাস টার্মিনাসের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট অ্যাকাডেমি থেকে মিছিল শুরু হওয়ার কথা। এরপর ৩ নম্বর অ্যাভিনিউ এবং ৬ নম্বর ক্রস রোড হয়ে মিছিল পৌঁছবে আরক্ষা ভবনে। সেখানে পুলিশের নিয়োগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার ফল দ্রুত প্রকাশের দাবিতে প্রতিনিধিদল স্মারকলিপি জমা দেবে।

আবেদনকারীদের দাবি, মূলত চারটি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়েই তাঁদের ক্ষোভ। সেগুলি হল—পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ, ২০২৪-এর চূড়ান্ত মেধাতালিকা, কলকাতা পুলিশ সাব-ইনস্পেক্টর নিয়োগ, ২০২৩-এর মূল পরীক্ষার ফল, কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ, ২০২৪-এর প্রিলিমিনারি পরীক্ষার ফল এবং পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইনস্পেক্টর নিয়োগ, ২০২৪-এর মূল পরীক্ষার ফল। দীর্ঘদিন ধরে ফল প্রকাশ না হওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে মামলায় দাবি করা হয়েছে।


মামলায় আরও অভিযোগ, গত ২১ ও ২২ অগস্ট পুলিশের কাছে মিছিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কর্মসূচিতে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক রাখার কথা জানানো হয়। প্রত্যেকের পরিচয়পত্রের ব্যবস্থা করা হবে এবং পুলিশের নির্দেশ মেনে সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি শেষ করা হবে বলেও জানানো হয়েছিল।

এর আগে গত ১৭ অগস্ট শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় ৪,০০০ চাকরিপ্রার্থীকে নিয়ে মিছিল হয়েছিল। আবেদনকারীদের দাবি, সেই কর্মসূচিও কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়।

এই পরিস্থিতিতে ৩১ অগস্টের প্রস্তাবিত মিছিলের জন্য পুলিশি অনুমতি এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন চাকরিপ্রার্থীরা। পাশাপাশি ২১ ও ২২ অগস্ট জমা দেওয়া আবেদন দ্রুত বিবেচনা করে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানানোরও আর্জি জানানো হয়েছে।

এখন ৩১ অগস্টের কর্মসূচির আগে হাই কোর্টের নির্দেশে পুলিশি অনুমতি মেলে কি না, সেদিকেই তাকিয়ে চাকরিপ্রার্থীরা।