হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে আসছে ‘আমূল বাংলা ডেয়ারি’ । বিশ্বমানের ডেয়ারি প্রকল্প চালু করছে আমূল। রবিবার, নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি এই মেগা প্রকল্পের ভূমি পুজো শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠান ঘিরে সাঁকরাইলের ফুড পার্ক ইতিমধ্যেই জমজমাট হয়ে উঠেছে। সাংবাদিক সম্মেলনে এসে শুভেন্দু অধিকারী বলেন, ‘কারা যেন বলতো, বাংলাকে গুজরাট হতে দেব না। তাঁরা আজকে ঘরে বসে টিভিতে দেখছেন, আমূল আজকে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে, পশ্চিবঙ্গের উন্নতির জন্য।’
প্রকল্পটির জন্য আমূল প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে। এক বার চালু হলে, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় দই ও ডেয়ারি পণ্য উৎপাদন কেন্দ্র। এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে প্রতিদিন প্রায় ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ হবে। এর সঙ্গে, প্রতিদিন তৈরি হবে ১০ লক্ষ কিলোগ্রাম দই ও নানা ধরনের দুগ্ধজাত পণ্য।
শিল্প মহল মনে করে, এই ডেয়ারি প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে ভরপুর গতি আনবে। এত বড় উৎপাদন মানে রাজ্যের বহু দুগ্ধচাষি উপকৃত হবেন, সঙ্গে প্রচুর চাকরির সুযোগও তৈরি হবে—কেউ সরাসরি, কেউ আবার পরোক্ষভাবে যুক্ত হবেন। সবকিছু মিলিয়ে বাংলায় দুগ্ধ শিল্পে এটা একেবারে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। এর আগে হুগলির ডানকুনিতে লাক্স কোজি বড়সড় বিনিয়োগ করেছিল। সম্প্রতি বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলও প্রায় ১০ হাজার কোটি টাকার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করল। এবার হাওড়ায় শুরু হচ্ছে আমূলের দই কারখানার অভিযান।
নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই শিল্প নিয়ে যে বড় বার্তা দেওয়া হয়েছিল, তারই ফলশ্রুতি হিসেবে গুজরাটের বিশ্বস্ত সংস্থা আমুল বাংলায় বিনিয়োগের সিদ্ধান্ত নেয় এবং রাজ্য সরকারের তরফেও দ্রুত সমস্ত ছাড়পত্র দেওয়া হয়। হাওড়ার সালকিয়া ফুড পার্কে এই অত্যাধুনিক ডেয়ারি প্ল্যান্টটি তৈরি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটিই হতে চলেছে সরাসরি আমুলের নিজস্ব পূর্ণাঙ্গ মালিকানাধীন প্রথম ডেয়ারি প্ল্যান্ট, যেখানে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৬৫০ কোটি টাকা। গুজরাটেরই একটি সংস্থা দুই দফায় এই কারখানাটি নির্মাণের কাজ শেষ করবে। এই মেগা প্রকল্পের ফলে একদিকে যেমন বাংলার দুগ্ধজাত পরিকাঠামো আমূল শক্তিশালী হবে, অন্যদিকে তেমনই বিপুল পরিমাণ কর্মসংস্থানের জোয়ার আসবে রাজ্যে। পরবর্তীতে উত্তরবঙ্গেও আমুল বড়সড় বিনিয়োগ করবে বলে খবর রয়েছে।