হিটওয়েভ নিয়ে কড়া বার্তা আদিত্যনাথের

তীব্র তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যে উত্তরপ্রদেশে বিশেষ সতর্কতা জারি করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার তিনি রাজ্যের সমস্ত জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর, বিদ্যুৎ দফতর এবং ত্রাণ ও উদ্ধারকারী সংস্থাগুলিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গরমের প্রকোপে সাধারণ মানুষের সমস্যা যাতে না বাড়ে, তার জন্য আগাম প্রস্তুতি নেওয়ার উপর জোর দিয়েছেন তিনি।

পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী হাসপাতাল, পানীয় জলের সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবার উপর বিশেষ নজরদারির নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি হাসপাতালগুলিতে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা এবং আলাদা পরিষেবার ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

যোগী আদিত্যনাথ সাধারণ মানুষকেও সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের অতিরিক্ত গরম থেকে সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন তিনি। গরমে বাইরে বেরোলে ঢিলেঢালা সুতির বা খাদি পোশাক পরারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে পর্যাপ্ত জলপান করার কথাও বলেছেন।


মুখ্যমন্ত্রী আরও সতর্ক করেছেন, এই প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার মধ্যে সামান্য অসাবধানতাও বড় অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। তাই প্রশাসনকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও নির্মাণ শ্রমিক, দিনমজুর এবং বাইরে কাজ করা শ্রমজীবী মানুষদের দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে প্রশাসনকে। তাঁদের যাতে অতিরিক্ত ক্লান্তি, জলশূন্যতা বা তাপজনিত অসুস্থতার শিকার হতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এর আগে বুধবার দেশবাসীকে গরম নিয়ে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং তার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও সমস্যা বাড়ছে। তিনি সকলকে যতটা সম্ভব সতর্কতা অবলম্বনের আবেদন জানান।

প্রধানমন্ত্রী মানুষকে পর্যাপ্ত জলপান করার, বাইরে বেরোলে সঙ্গে জল রাখার এবং তৃষ্ণার্ত মানুষকে জল দেওয়ার আহ্বান জানিয়েছেন। যাঁরা বাড়ি বা দোকানের বাইরে পথচলতি মানুষের জন্য জলের ব্যবস্থা করছেন, তাঁদেরও প্রশংসা করেছেন তিনি।

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন থেকে চার দিন উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকতে পারে। বুধবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।