পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। দুই নির্বাচন কমিশনার সুখবির সিং সান্ধু এবং বিবেক যোশীকে নিয়ে রবিবার বিজ্ঞানভবনে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷ সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, আসাম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে এক দফায় ভোটগ্রহণ হবে, তবে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে দুই দফায়। পুদুচেরি-সহ ৪ রাজ্যের ভোটগণনা হবে আগামী ৪ মে।
কমিশনের ঘোষণা অনুযায়ী, আসাম, কেরল ও পুদুচেরিতে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। আসামের ১২৬টি, কেরলের ১৪০টি এবং পুদুচেরির ৩০টি আসনে ওই দিনই এক দফায় নির্বাচন সম্পন্ন হবে। তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট হবে ১৫২টি আসনে। উত্তরবঙ্গের সব জেলা-সহ মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং বীরভূমে ওই দিন ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট হবে দক্ষিণবঙ্গের বাকি ১৪২টি আসনে। উল্লেখ্য, ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়।
মুখ্য নির্বাচন কমিশনার জানান, চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট প্রায় ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার এবারের নির্বাচনে অংশ নেবেন। মোট ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই নির্বাচনের জন্য সারা দেশে প্রায় ২ লক্ষ ১৮ হাজার ৮০৭টি ভোটকেন্দ্র গড়ে তোলা হয়েছে। ভোট পরিচালনায় প্রায় ২৫ লক্ষ নির্বাচনকর্মী ও প্রায় সাড়ে আট লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন। পাশাপাশি ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার এবং ১হাজার ৪৪৪ জন পর্যবেক্ষক নজরদারির দায়িত্বে থাকবেন।
নির্বাচনে কোনও ধরনের হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, প্রশাসন ও পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে একশো ভাগ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছে কমিশন।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি কয়েকটি রাজ্যে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরার একটি করে আসনে ৯ এপ্রিল উপনির্বাচন হবে। গুজরাত ও মহারাষ্ট্রের দুটি করে আসনে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। সব ক্ষেত্রেই ভোটগণনা হবে ৪ মে।
রবিবারের সাংবাদিক বৈঠক থেকে মুখ্য নির্বাচন কমিশনার জানান, এর আগে পাঁচ রাজ্যে গিয়ে সেখানে স্বীকৃত রাজনৈতিকদলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে কমিশনের ফুল বেঞ্চ ৷ তাঁদের থেকে পরামর্শও নেওয়া হয়েছে ৷ এরই পাশাপাশি, সেই সব রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তাদের পাশাপাশি বিএলওদের সঙ্গেও কথা বলেছে কমিশন ৷
সেই সঙ্গে, প্রথমবার যাঁরা ভোট দেবেন, তাঁদের সঙ্গেও কথা বলেছেন কমিশনের প্রতিনিধিরা৷ এদিন ফের একবার মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, এই পাঁচ রাজ্যেই ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় কোনও বৈধ ভোটারের নাম বাদ যায়নি৷ জ্ঞানেশ কুমার বলেন, ‘এখনও আমরা বলছি কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না৷এসআইআর করে আমরা স্পষ্ট করে বলতে চাই কোনও বৈধ ভোটারের নাম যেমন বাদ যাবে না তেমনই কোনও অবৈধ ভোটারের নামও থাকবে না ভোটার তালিকায়৷’