ভোটার তালিকা সংশোধনের জেরে ১২ রাজ্যে কমল ৫ কোটির বেশি নাম

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হতেই সামনে এল চমকপ্রদ পরিসংখ্যান। দ্বিতীয় পর্ব শেষে পশ্চিমবঙ্গ-সহ ৯টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে মিলিয়ে প্রায় ১০ শতাংশ ভোটার কমে গিয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়া শুরুর আগে সংশ্লিষ্ট ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ভোটারের সংখ্যা ছিল ৫০ কোটি ৯৯ লক্ষ। সংশোধনের পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৫ কোটি ৮১ লক্ষে। অর্থাৎ, সব মিলিয়ে ৫ কোটি ১৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে, যা প্রায় ১০.২ শতাংশ।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ-সহ ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। শুক্রবার উত্তরপ্রদেশের চূড়ান্ত তালিকা প্রকাশের পর পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার পিছনে অন্যতম কারণ মৃত ভোটারদের তালিকা থেকে অপসারণ। মোট ৬৬ লক্ষ ৮৮ হাজার মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তরপ্রদেশে।


বিশেষজ্ঞদের একাংশের মতে, ভোটার তালিকার আপডেট করা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এত বড় সংখ্যায় নাম বাদ পড়া নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের মতে, এই সংশোধন প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রেখে করা জরুরি, যাতে প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত থাকে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ভোটার তালিকা নিয়ে সব সময়ই সংবেদনশীলতা বেশি। ফলে এই পরিসংখ্যান নতুন করে আলোচনা উসকে দিয়েছে।