চেন্নাই, ১৭ মার্চ— তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করলেন অভিনেতা-রাজনীতিক বিজয়। আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও জোটে না গিয়ে তাঁর দল একাই লড়বে বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। এই ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক লড়াই আরও জটিল হয়ে উঠতে চলেছে।
মঙ্গলবার দলের বৈঠকে বিজয় জানান, অন্য কোনও দলের সঙ্গে তাঁদের কোনও আলোচনা হয়নি। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা একাই ভোটে লড়ব। প্রত্যেকে নিজেদের এলাকায় কাজ আরও বাড়ান। খুব শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’ এর আগে জোর জল্পনা ছিল যে, বিজেপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে বিজয়ের দলের সমঝোতা হতে পারে। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন তিনি নিজেই।
রাজনৈতিক মহলের মতে, বিজয়ের এই সিদ্ধান্তে তামিলনাড়ুতে এবার চারদিক থেকে লড়াই হবে। একদিকে শাসক জোট, অন্যদিকে বিরোধী জোট—তার সঙ্গে নতুন শক্তি হিসেবে বিজয়ের দল এবং আরও একটি আঞ্চলিক দল একাই লড়াই করবে। সূত্রের খবর, জোট গঠনের আলোচনায় আসন ভাগাভাগি ও নেতৃত্ব নিয়ে মতভেদ তৈরি হয়েছিল। সেই কারণেই শেষ পর্যন্ত কোনও সমঝোতা হয়নি।
এদিকে, ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে বিজয়ের দল। প্রায় ৬০টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। খুব শিগগিরই সম্পূর্ণ তালিকা ও নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজয়ের এই একক লড়াই রাজ্যের নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে। তবে শেষ পর্যন্ত ভোটের ফল কী হবে, তা সময়ই বলবে।