ভেনেজুয়েলার তেল ফিরছে ভারতের বাজারে, শেভরন-রিলায়্যান্স চুক্তি কার্যকর

আমেরিকা ভারতের কাছে ভেনেজুয়েলার তেল বিক্রিতে আরও গতি আনছে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, এবার মার্কিন সংস্থা শেভরন-এর কাছ থেকে রিলায়্যান্স গোষ্ঠী ভেনেজুয়েলার কাঁচা তেল কিনেছে। গত দুই বছরে এটি প্রথমবার, যখন শেভরন-এর কাছ থেকে রিলায়্যান্সের কাছে তেল এসেছে। এই তেল ভেনেজুয়েলার বসকান তৈলক্ষেত্র থেকে উত্তোলিত অশোধিত কাঁচা তেল। চলতি মাসে শেভরনের সঙ্গে সমঝোতা হয়েছে রিলায়্যান্সের। যদিও সংস্থার তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

শুধু রিলায়্যান্স নয়, ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম-সহ কয়েকটি ভারতীয় সংস্থা ভেনেজুয়েলার তেল কেনার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে।  সংবাদ সংস্থার তথ্যানুযায়ী, এই সব সংস্থা ইতিমধ্যেই বরাত দিয়েছে ভেনেজুয়েলার তেল আমদানি করার জন্য।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা অপহরণের পর, মার্কিন সংস্থাগুলো আবার তৈলক্ষেত্রে প্রবেশ করতে শুরু করেছে। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সম্প্রতি জানিয়েছিলেন, ওয়াশিংটন দিল্লির সঙ্গে এই বিষয়ে আলোচনা চালাচ্ছে। ভারত বারবার জানিয়েছে, জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনও একটি দেশের উপর নির্ভরশীল থাকতে চায় না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা না থাকলে লাভজনক উৎস থেকে তেল কেনা হবে। ২০১৯ সালে আমেরিকার নিষেধাজ্ঞার আগে ভেনেজুয়েলা ছিল ভারতের তৃতীয় বৃহত্তম তেল সরবরাহকারী।


ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলভান্ডার রয়েছে, সংরক্ষিত রয়েছে প্রায় ৩০ হাজার কোটি ব্যারেল তেল। ট্রাম্প দাবি করেছিলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রশাসন মার্কিন সংস্থাকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের তেল সরবরাহ করবে, যা বাজারমূল্যে বিক্রি হবে, আর অর্থের নিয়ন্ত্রণ থাকবে তাঁর হাতে।

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির মাধ্যমে তেল আমদানির ক্ষেত্রে ভারত আন্তর্জাতিক বাজারে একাধিক উৎস থেকে জ্বালানি সংগ্রহের নীতি বজায় রাখছে, যাতে কোনও একটি দেশের উপর নির্ভরশীলতা তৈরি না হয়।