কেরলের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভি ডি সতীশন

কেরলে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সতীশনের নাম ঘোষণা করল কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং কেরল দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সি। বৈঠকে উপস্থিত ছিলেন অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং জয়রাম রমেশ-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

দক্ষিণ ভারতের এই রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট মোট ১০২টি আসনে জয়লাভ করে। তবে ফল ঘোষণার পর প্রায় ১০ দিন কেটে গেলেও মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দলীয় অন্দরে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছিল না। শেষ পর্যন্ত দীর্ঘ আলোচনার পর পরিষদীয় দলের নেতা হিসেবে ভি ডি সতীশনকেই বেছে নেওয়া হয়।

মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে ছিলেন আরও কয়েকজন শীর্ষ নেতা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং প্রবীণ নেতা রমেশ চেন্নিতালা। প্রাথমিকভাবে কংগ্রেস পরিষদীয় দলের একাংশ বেণুগোপালের নাম প্রস্তাব করলেও, অন্য একটি অংশ সতীশনের পক্ষে মত দেয়। তাঁদের যুক্তি ছিল, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইউডিএফের বিপর্যয়ের পর সংগঠনকে পুনর্গঠন করে নির্বাচনী সাফল্যের পথে ফিরিয়ে এনেছেন সতীশনই।


দলের ভিতরে দীর্ঘ টানাপোড়েন এবং একাধিক দফার বৈঠকের পর অবশেষে তাঁর নামেই সিলমোহর পড়ে। এর আগে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসভবনে রাহুল গান্ধী-সহ শীর্ষ নেতৃত্ব প্রায় ৪০ মিনিট বৈঠক করেন। সেই বৈঠকের পরই সিদ্ধান্ত হয় যে, পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

ঘোষণার পর জানানো হয়েছে, ভি ডি সতীশন কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, তবে তাঁর শপথ গ্রহণের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে কংগ্রেস কেরলে সংগঠনকে আরও সুসংহত করার বার্তা দিল।