উত্তরপ্রদেশে এবার স্নাতকস্তরের মেধাবী ছাত্রীদের জন্য এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এইসব ছাত্রীরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে যাতে কোনও অসুবিধায় না পড়েন তার জন্য বড় উপহার ঘোষণা করলেন যোগী। এই ঘোষণা সামনে আসতেই উত্তরপ্রদেশ জুড়ে খুশির হাওয়া বইতে শুরু করেছে। এই উপহারকে অনেকে রাখির জন্য বলেই মনে করছেন। কদিন আগে রাখি উৎসব উপলক্ষ্যে উত্তরপ্রদেশের মহিলাদের জন্য দু’দিনের বিনামূল্যে বাস পরিষেবার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ঘোষণা করলেন স্কুটার উপহার।
উত্তরপ্রদেশে যেসব মেধাবী ছাত্রী আছেন তাঁদের স্কুটার উপহার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। মোট ৫০ হাজার ছাত্রীকে স্কুটার উপহার দেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমন ঘোষণায় এখন ছাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়েছে। যাঁরা স্নাতকস্তরের ছাত্রী এবং মেধাবী তাঁরাই এই স্কুটার পাবেন বলে ঘোষণা করা হয়েছে। রাখির উপহার হিসাবে এটাকে অনেকে দেখলেও আসলে মেধাবী ছাত্রীদের কথা চিন্তা করেই এমন উপহার ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। এই মেধাবী ছাত্রীরা নানা প্রান্ত থেকে কলেজে গিয়ে পঠনপাঠন করে থাকেন। আবার কলেজ শেষে টিউশন নিতেও যেতে হয়।
সেদিক থেকে দেখলে এটা একটা অভিনব উপহার বলেই মনে করছেন ছাত্রীরা। পথে বাস-অটো-টোটো করে যাতায়াত করতে ছাত্রীদের বিস্তর হ্যাপা পোহাতে হয়। এই স্কুটার পেলে সেই সমস্যা থেকে রাতারাতি বেরিয়ে আসতে পারবেন স্নাতকস্তরের ছাত্রীরা। কিছুদিন আগেই যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, রাজ্যের মহিলাদের আর্থিক সুবিধার জন্য এককালীন ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে। ২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে নির্বাচনের প্রাক্কালেই মহিলারা পাবেন ২০ হাজার টাকা। আর নির্বাচনের পরে বাকি ৩০ হাজার টাকা পাবেন। এবার তার সঙ্গে মেধাবী ছাত্রীদের স্কুটার উপহার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
তাছাড়া এবার যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, ৫০ হাজার ছাত্রীকে দেওয়া হবে স্কুটার। স্নাতকস্তরের মেধাবী ছাত্রীদের এই স্কুটার দেওয়ার প্রকল্পের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে রাজকোষ থেকে। লখনউয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বললেন, তিনি ৫০ হাজার স্কুটারই শুধু দেবেন না, বয়স্ক মহিলাদের বাসযাত্রা বিনামূল্যে করে দেবেন। এসব শুনে এগিয়ে এলেন প্রধান প্রতিপক্ষ অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টিও। অখিলেশ যাদব এবং তাঁর স্ত্রী ডিম্পল যাদব সমাজবাদী পার্টির এক মঞ্চ থেকে ঘোষণা করেন, তাদের দলের সরকার গঠিত হলে বছরে মহিলাদের দেওয়া হবে ৪০ হাজার টাকা করে।