২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার টেবিলেই বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। দিল্লিতে দ্বিতীয় দিনের আলোচনায় জোটসঙ্গী কংগ্রেসকে রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে মাত্র ২৬টি আসন ছাড়ার প্রাথমিক প্রস্তাব দিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা)। অথচ সূত্রের খবর, কংগ্রেস অন্তত ১০০টি আসনের দাবি থেকে এক চুলও সরতে রাজি নয়। অতীতের বিধানসভা নির্বাচনের হতাশাজনক ফলাফলের খতিয়ান তুলে ধরেই সপা নেতৃত্ব কংগ্রেসের দাবি ছেঁটে দিয়েছে। সোমবার কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির দিল্লির বাসভবনে প্রথম দফার বৈঠকের পর মঙ্গলবার ফের আলোচনায় বসলেও, দু’দলের চাওয়া-পাওয়ার এই বিপুল ফারাক ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।
২৬ আসনের অঙ্ক
সপা-র রাজ্যসভা সাংসদ রামগোপাল যাদব প্রকাশ্যেই জানিয়েছেন যে তাঁরা কংগ্রেসের হাতে ২৬টি আসনের তালিকা তুলে দিয়েছেন, যদিও চূড়ান্ত সংখ্যা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি। আগের দিন জোট সূত্রের ইঙ্গিত ছিল, কংগ্রেস অন্তত ৬০টি ‘এ-গ্রেড’ বা জোটের পক্ষে শক্তিশালী আসন চাইছে। কিন্তু সপা-র দেওয়া ২৬টি আসনের তালিকার ছবিটা সম্পূর্ণ আলাদা। এই আসনগুলির অধিকাংশেই গত বিধানসভা ভোটে কংগ্রেস দশ হাজারের বেশি ভোট পেলেও বড় ব্যবধানে জয়ী হয়েছিল বিজেপি। ফলে প্রস্তাবিত কেন্দ্রগুলির অর্ধেকেরও বেশি আসন দলের খাতায় ‘ক্যাটেগরি-বি’ বা কঠিন আসন হিসেবেই চিহ্নিত রয়েছে।
রামগোপাল যাদব আরও এক ধাপ এগিয়ে জানিয়েছেন, প্রস্তাবিত ২৬টি আসনের মধ্যে এমন ২০টি কেন্দ্র রয়েছে, যেখানে সপা ৬০ থেকে ৭০ হাজার ভোট পেয়েছিল আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল মাত্র দু’হাজার ভোট। যদিও চূড়ান্ত সমঝোতা কেবল এই ২৬টি আসনেই আটকে থাকবে না বলে ইঙ্গিত মিলেছে, আপাতত এই তালিকা ধরেই দর কষাকষি এগোচ্ছে। আসন-সংখ্যার চেয়ে প্রার্থীর জয়ের সম্ভাবনাকেই (winnability) যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, তা স্পষ্ট করে দিয়েছেন সপা নেতারা। পাশাপাশি, আসন সমঝোতায় চূড়ান্ত সিলমোহর দেবেন দলনেতা অখিলেশ যাদব নিজেই।
সুর নরম কংগ্রেসেরও
আসন নিয়ে তৈরি হওয়া এই জট কাটাতে কংগ্রেসের উদ্দেশে প্রকাশ্যেই বার্তা দিয়েছেন সমাজবাদী পার্টির প্রবীণ নেতা রামজি লাল সুমন। তিনি বলেন, ‘কংগ্রেসের কাছে আমাদের বিনীত অনুরোধ, বর্তমান সময়ের সংবেদনশীলতা বুঝে তারা যেন কিছুটা নমনীয় অবস্থান নেয়। দেশের মানুষ এবং এই রাজ্যের মানুষও চান যে আমরা দু’দল একটি সমঝোতায় পৌঁছই।’
অন্য দিকে, ১০০ আসনের দাবিতে অনড় থাকার খবর সামনে এলেও প্রকাশ্যে তিক্ততা বাড়াতে চাইছে না কংগ্রেস। মঙ্গলবার দিল্লিতে দ্বিতীয় দফার বৈঠকের আগে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেন, ‘আসন দাবি করা আর পারস্পরিক সহযোগিতার মধ্যে পার্থক্য রয়েছে। জোটে কাউকে কিছু দাবি করতে হয় না, জোটের মধ্যে সবটাই সহযোগিতার বিষয়। আমরা ভিতরে বসে আলোচনা করে সবটা ঠিক করব।’ উল্লেখ্য, ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সঙ্গে আসন রফা চূড়ান্ত করতে সপা ইতিমধ্যেই রামগোপাল যাদব, শ্যাম লাল পাল, রাজীব রাই এবং ইকরা চৌধুরিকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছে।
২০২৪-এর লোকসভা অঙ্ক
উত্তরপ্রদেশের রাজনীতিতে আসন রফা নিয়ে এই টানাপড়েনের শিকড় লুকিয়ে রয়েছে দু’দলের অতীত নির্বাচনী পরিসংখ্যানে। ২০১৭ সালের বিধানসভা ভোটে সপা এবং কংগ্রেস জোট বেঁধে লড়েও মুখ থুবড়ে পড়েছিল। সে বার সপা ২২৯ থেকে নেমে ৪৭ আসনে ঠেকেছিল, আর ১০৫টি কেন্দ্রে লড়ে মাত্র সাতটিতে জিতেছিল কংগ্রেস। ২০২২ সালে দু’দল আলাদা লড়াইয়ে নামে। ৩৪৭ আসনে লড়ে সপা পায় ১১১টি আসন, আর ৩৯৯টি কেন্দ্রে প্রার্থী দিয়ে মাত্র দু’টি আসনে জিততে পেরেছিল কংগ্রেস। পরপর দু’টি বিধানসভা ভোটে হারের পর ২০২৭-এ জোরদার প্রত্যাবর্তন করতে মরিয়া অখিলেশ যাদব আর কোনও রাজনৈতিক ঝুঁকি নিতে চাইছেন না।
তবে কংগ্রেসের দর কষাকষির মূল ভরসা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল। ‘ইন্ডিয়া’ জোটের ব্যানারে একজোট হয়ে লড়ে উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৪৩টি দখল করে বিজেপিকে বড় ধাক্কা দিয়েছিল তারা। সেই ভোটে সপা ৬২টি আসনে লড়ে ৩৭টিতে এবং কংগ্রেস ১৭টি আসনে লড়ে ছ’টিতে জয়ী হয়, আর বিজেপির ঝুলি ২০১৯-এর ৬২ থেকে নেমে আসে ৩৩-এ। সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে চেয়েই বিজেপি-বিরোধী ভোট যাতে ভাগ না হয়, সেই চেষ্টায় রয়েছে বিরোধী শিবির। যদিও এই জোটকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ শাসক দল। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক দাবি করেছেন, সপা-কংগ্রেসের এই জোট ব্যর্থ হবে এবং ২০২৭ সালে ফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।