২১ জুন নিটের পুনঃপরীক্ষায় নজিরবিহীন নিরাপত্তা বলয় 

দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলপ্রকাশের পর নম্বর বিভ্রাট এবং উত্তরপত্র মূল্যায়ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার এই নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সিবিএসই। পরীক্ষার খাতা স্ক্যানিংয়ের দায়িত্বে থাকা বেসরকারি এডুটেক সংস্থাকে আর পুনর্মূল্যায়নের কাজে যুক্ত রাখা হবে না বলে জানিয়ে দিল বোর্ড।

সিবিএসই সূত্রে খবর, ফল প্রকাশের পর বহু পরীক্ষার্থী উত্তরপত্রের স্ক্যান কপি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কারও অভিযোগ ছিল খাতার যে কপি বা প্রতিলিপি পাঠানো হয় তা অস্পষ্ট ও ঝাপসা। কেউ আবার দাবি করেন, সঠিক উত্তর লেখা সত্ত্বেও প্রত্যাশিত নম্বর পাননি। কিছু উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

প্রথমে জানা গিয়েছিল, যে সংস্থা ওএসএম বা অন-স্ক্রিন মার্কিং পদ্ধতির জন্য উত্তরপত্র ডিজিটালাইজেশনের কাজ করেছিল, তাদের হাতেই পুনর্মূল্যায়নের দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু সোমবার বোর্ড সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এক আধিকারিক জানিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থাটিকে পুনর্মূল্যায়নের কোনও পর্যায়ের কাজই দেওয়া হচ্ছে না। যদিও এই সিদ্ধান্তের কারণ কী সে বিষয়ে তিনি মুখ খোলেননি।


শিক্ষা মহলের একাংশের মতে, উত্তরপত্র ডিজিটালাইজেশনের ক্ষেত্রে সামান্যতম ত্রুটিও পরীক্ষার্থীদের ভবিষ্যতের উপর বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উচ্চশিক্ষায় ভর্তির প্রতিযোগিতার ক্ষেত্রে নম্বরের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে বোর্ডের এই সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

সিবিএসই জানিয়েছে, পুনর্মূল্যায়নের জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। কয়েক লক্ষ আবেদন নিষ্পত্তির জন্য পৃথক ডিজিটাল ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। সিবিএসই আশ্বাস দিয়ে জানিয়েছে, পরীক্ষার্থীদের সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে পুনর্মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতাও বজায় রাখা হবে।