মোদীর আমলে বেকারত্বের হার বৃদ্ধি, বাড়ল ৫ শতাংশ

বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল মোদী সরকার। কিন্তু ক্ষমতায় আসার ১১ বছর পরেও দেশের কর্মসংস্থান ইস্যুতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। চলতি বছরের শুরুতেই সেই বিতর্ক ফের উস্কে দিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান। সদ্য প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, জানুয়ারি মাসে দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ শতাংশে। গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত দেশের বেকারত্বের হার ছিল ৪.৮ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাসেই তা আরও বৃদ্ধি পয়েছে।

পরিসংখ্যান ও কর্মসূচি মন্ত্রকের অধীনস্থ জাতীয় পরিসংখ্যান অফিসের সমীক্ষা অনুযায়ী, গ্রাম ও শহর—দুই ক্ষেত্রেই গত একমাসে বেকারত্বের হার বেড়েছে। পাশাপাশি শ্রমশক্তি অংশগ্রহণের হার এবং শ্রমিক জনসংখ্যা অনুপাতও নিম্নমুখী হয়েছে। সরকারি রিপোর্টে বলা হয়েছে, গ্রামীণ এলাকায় ফসল কাটার পরবর্তী সময়ের মন্দা, আবহাওয়াজনিত প্রভাব এবং কৃষিক্ষেত্রে কাজের অস্থিরতা এই বৃদ্ধির অন্যতম কারণ।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, শীতকালে নির্মাণ, কৃষি, পরিবহণ ও ক্ষুদ্র ব্যবসার মতো ক্ষেত্রগুলিতে কাজের গতি কমে যায়। তার প্রভাব পড়ে সামগ্রিক কর্মসংস্থানের উপর।  অর্থনৈতিক মহলের একাংশের দাবি, দেশে কর্মসংস্থানের কাঠামোগত ঘাটতি রয়ে গেছে।


গত ডিসেম্বরেই প্রথমবারের মতো বেকারত্বের হার ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে সাম্প্রতিক বৃদ্ধিতে ফের উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, শিক্ষিত যুবকদের জন্য পর্যাপ্ত চাকরির সুযোগ তৈরি না হওয়াই বড় সমস্যা। বিভিন্ন সরকারি প্রকল্প চালু থাকলেও কর্মসংস্থানের সামগ্রিক চিত্রে এখনও প্রত্যাশিত উন্নতি হয়নি।