উমর খালিদের জামিনে ফের ধাক্কা, পুনর্বিবেচনার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলায় অভিযুক্ত উমর খালিদের জামিন সংক্রান্ত মামলায় বড় ধাক্কা। তাঁর পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, খালিদের বিরুদ্ধে আনা অভিযোগ বিশ্বাস করার যথেষ্ট ভিত্তি রয়েছে। বিচারপতি অরবিন্দ কুমার ও এনভি আঞ্জারিয়ার বেঞ্চ জানায়, আগের রায় পুনর্বিবেচনার মতো কোনও নতুন বা যথেষ্ট কারণ তারা খুঁজে পায়নি। ফলে ৫ জানুয়ারির রায় বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি একই মামলায় উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করেছিল শীর্ষ আদালত। তবে একই মামলায় অভিযুক্ত গুলফিশা ফাতিমা, মীরান হায়দার, শিফা-উর-রেহমান, মহম্মদ শাকিল খান ও শাদাব আহমেদকে জামিন দেওয়া হয়েছিল।

সুপ্রিম কোর্ট আগের রায়েই উল্লেখ করেছিল, উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গায় ষড়যন্ত্র এবং সংগঠনের ক্ষেত্রে খালিদ ও ইমামের কেন্দ্রীয় ভূমিকা রয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। আদালত জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা জামিন বিবেচনার ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে।


এই মামলায় ইউএপিএ আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে, ফলে জামিন পাওয়ার শর্ত অত্যন্ত কঠিন।এদিকে, খালিদের দীর্ঘদিন বিচারাধীন অবস্থায় কারাবাস নিয়েও বিতর্ক রয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়-সহ একাংশের মতে, দীর্ঘ বিচার প্রক্রিয়ার ফলে অভিযুক্ত কার্যত বহু বছর জেলেই কাটিয়ে দিচ্ছেন। তবুও, সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আপাতত উমর খালিদের মুক্তির সম্ভাবনা  অনিশ্চিতই রইল।