মঙ্গলবার তামিলনাড়ুর রাজ্য-রাজনীতিতে নাটকীয় মোড় দেখা গেল। কারণ ডিএমকে নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে গ্রেপ্তার করা হলো। এদিন সকালে চেন্নাইয়ের বাসভবন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলেকে বাসভবন থেকে তুলে নিয়ে যায় পুলিশ। ‘তৃষা’ স্লোগানকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তাই প্রথমে আটক করা হয় ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনকে। এদিন সকালে চেন্নাইয়ের বাসভবন থেকে তাঁকে আটক করা হয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে নিশানা করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেটা নিয়ে এফআইআর দায়ের হয়েছে। এই বিতর্কের মাঝেই এবার গ্রেপ্তার হলেন তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা।
এদিকে সোমবার এক জনসভায় দক্ষিণী অভিনেত্রী তথা মুখ্যমন্ত্রী বিজয়ের বান্ধবী তৃষা সম্পর্কে স্ট্যালিন-পুত্রের মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়। কাবেরী জলবণ্টন নিয়ে বিজয়কে আক্রমণ করতে গিয়ে তৃষাকে টেনে আনা হয় বলে অভিযোগ। সেটা থেকেই বিতর্কের সূত্রপাত হয়। যার প্রতিবাদে সোচ্চার হয়েছে রাজ্যের শাসকদল টিভিকে। উদয়নিধির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হলে প্রথমে আটক করা হয়। তার পর থানায় নিয়ে গিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। উদয়নিধি সমালোচনা করে বলেছিলেন, ‘কাবেরী নদীর জল এক ফোঁটাও পায়নি তামিলনাড়ু। অথচ মুখ্যমন্ত্রী এই বিষয়ে উদাসীন।’
তখন ওই সভাস্থলের ভিড় থেকে হঠাৎ ‘তৃষা তৃষা’ বলে স্লোগান উঠতে থাকে। সেটা শুনে বক্তৃতা থামিয়ে ইঙ্গিতপূর্ণভাবে হেসে ওঠেন উদয়নিধি বলে অভিযোগ। তার পরে দ্বৈতঅর্থমূলক একটি মন্তব্য করেন স্ট্যালিনপুত্র উদয়নিধি। সেটা নিয়েই বিতর্ক তৈরি হয়। ওই মন্তব্যকে আপত্তিকর এবং নির্দিষ্ট ইঙ্গিতপূর্ণ বলে অভিযোগ তোলে টিভিকে। অভিনেত্রী তৃষার সঙ্গে বিজয়ের বন্ধুত্বের দিকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করা হয়েছে বলে বিজয়ের দলের অভিযোগ। তবে এদিন স্ট্যালিন-পুত্রকে গ্রেপ্তার আসলে বিজয়ের প্রতিহিংসার রাজনীতি বলে অভিযোগ করেছে ডিএমকে। যা সরাসরি খারিজ করে দিয়েছে বিজয়ের দল। তাদের বক্তব্য, মহিলাদের প্রতি অবমাননাকর মন্তব্যের জন্যই উদয়নিধিকে গ্রেপ্তার করা হয়েছে।
তাছাড়া ডিএমকে নেতা আগাম জামিনের আর্জিতে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এদিন বিকেলেই ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর। তার আগে মঙ্গলবার সকালেই চেন্নাইয়ের বাড়ি থেকে উদয়নিধিকে আটক করে পরে গ্রেপ্তার করল পুলিশ। এদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তারপর তাঁর কথা শুনে গ্রেপ্তার করে পুলিশ। তবে পুলিশ যখন তাঁকে আটক করে নিয়ে যাচ্ছিল তখন গাড়িতে উঠে উদয়নিধি বলেন, ‘তামাশা চলছে।’ এই গ্রেপ্তারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের কথাও বলেছেন তিনি। জাতীয় মহিলা কমিশনকে চিঠি দিয়ে টিভিকের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক মঞ্চ থেকে এই ধরনের ভাষা ব্যবহার করে নারীকে পণ্য হিসেবে তুলে ধরা হয়েছে।