গোদাবরীতে নৌকাডুবির জেরে ২ মহিলার মৃত্যু, অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগ

গোদাবরী নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় মৃত্যু হল ২ মহিলার। নিখোঁজ বেশ কয়েকজন। জানা গিয়েছে, মহারাষ্ট্রের বীড জেলার মাজলগাঁওয়ে বুধবার দুপুরে ভক্তদের নিয়ে মন্দিরে যাওয়ার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা উল্টে যায়। স্থানীয় সূত্রে খবর, প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি নদী পার হচ্ছিল। ঘাট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই নৌকাটি ভারসাম্য হারিয়ে একদিকে কাত হয়ে যায় এবং সম্পূর্ণ উল্টে যায়। নদীর স্রোত তখন বেশি থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মাঝিকে বারবার সতর্ক করা হয়েছিল যাতে অতিরিক্ত যাত্রী না তোলা হয়। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই তিনি রওনা হন। নৌকা মাঝ নদীতে পৌঁছতেই ভারসাম্য হারায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন এবং মুহূর্তের মধ্যে অনেকে জলে পড়ে যান। কেউ কেউ সাঁতরে তীরে ফিরতে পারলেও কয়েকজন স্রোতের টানে ভেসে যান। স্থানীয় জেলে ও গ্রামবাসীরা দ্রুত উদ্ধারকাজে নেমে কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। তবে দুর্ভাগ্যজনকভাবে ২ মহিলার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। আহত ও নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।

জানা গিয়েছে, হাজার হাজার মানুষ নদী পার হয়ে পুরুষোত্তমপুরীর মন্দিরে যাচ্ছিলেন। এই ভিড়ের সুযোগ নিয়েই অনেক নৌকাচালক অতিরিক্ত যাত্রী তুলছিলেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে লাইফ জ্যাকেট ছাড়াই যাত্রী তোলা হচ্ছিল।


পুলিশের তরফে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কঠোর নিয়ম চালুর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ভক্তরা।