জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জঙ্গির। মৃতেরা দু’জনেই পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবা সদস্য বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। নিহতদের মধ্যে রয়েছে সংগঠনের কমান্ডার লতিফ ভাটও। গত বুধবার কুলগামে সিআরপিএফের ছাউনিতে হামলার ঘটনায় এই দু’জন জড়িত ছিল বলে দাবি নিরাপত্তা বাহিনীর।
বুধবার কুলগামের মীর বাজারের কাছে আখরান এলাকায় সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটেনিয়নের নকা পার্টিকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় তিন জন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন। ঘটনার পর থেকেই হামলাকারীদের খোঁজে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
সোমবার কুলগামের লারু গ্রামে সন্দেহজনক গতিবিধির খবর পান জওয়ানেরা। এরপর গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। অভিযানে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি অংশ নেয় জম্মু ও কাশ্মীর পুলিশের এলিট স্পেশাল অপারেশন গ্রুপ। সেই অভিযান চলাকালীনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় দুই জঙ্গির।
প্রাথমিক তদন্তে উঠে এসেছেষ সিআরপিএফ ছাউনিতে হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ছিল লস্কর কমান্ডার লতিফ ভাট। সূত্রের খবর, কুলগাম জেলার খেব্রান চাডর এলাকার বাসিন্দা ছিল সে।