রাজধানী দিল্লিতে ফের নাশকতার হুমকি। সোমবার সকালে রাজধানীর একাধিক স্কুলে বিস্ফোরণের হুমকি দেওয়া হয় ই-মেলের মাধ্যমে। পরে বেলা গড়াতেই লালকেল্লা এবং দিল্লি বিধানসভাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকির খবর প্রকাশ্যে আসে। এই ঘটনায় রাজধানীতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং দিল্লিজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়।
হুমকি বার্তাটি পৌঁছয় বিধানসভার অধ্যক্ষের কাছে এবং ই-মেলটি একটি খালিস্তানি গোষ্ঠীর নামে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ খবর পাওয়ামাত্রই যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালায়। লালকেল্লা থেকে বিধানসভা পর্যন্ত জোরদার করা হয় নিরাপত্তা, বম্ব স্কোয়াড ও অন্যান্য সিকিউরিটি এজেন্সিও অভিযান চালায়। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, কোনও সন্দেহজনক বস্তু মেলেনি।
পুলিশ বর্তমানে পাঠানো ই-মেল ও তার উৎস খতিয়ে দেখছে। এই একের পর এক হুমকির ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না দিল্লি পুলিশ। কিছুদিন আগে দিল্লিতে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনকে কেন্দ্র করে হাই অ্যালার্ট ছিল। তাদের নিশানায় ছিল লালকেল্লা, মন্দির ও হেরিটেজ এলাকা।
ইতিমধ্যেই দিল্লি পুলিশের স্পেশাল সেল অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং একজন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। পুলিশের ধারণা, অভিযুক্তরা পাকিস্তানের আইএসআই ও বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীর নির্দেশে কাজ করছিল। তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এই সবের মধ্যেই আবার নতুন বোমা হুমকির খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।