পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে অভাবনীয় জয় পেয়েছে বিজেপি। এই ফলাফলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জয়কে হোয়াইট হাউস ‘ঐতিহাসিক ও নির্ণায়ক’ বলে বর্ণনা করেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার রাতে ব্যক্তিগতভাবে মোদীর সঙ্গে যোগাযোগ করে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির এই অভূতপূর্ব ‘ব্রেক-থ্রু’ জয়ের জন্য শুভেচ্ছা জানান ট্রাম্প ।তাঁর কথায়, এই জয় শুধু একটি রাজ্যের নির্বাচনী ফল নয়, বরং তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
এক প্রতিবেদনে প্রকাশ, হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, ‘ গত মাসেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর টেলিফোনে কথা হয় ৷ সেই সময়, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর প্রতি তাঁর গভীর প্রশংসা ব্যক্ত করেছিলেন ৷ তিনি বলেছিলেন যে, তাঁকে নেতা হিসেবে পেয়ে ভারত ভাগ্যবান ৷’ তিনি আরও বলেন, ‘এই সাম্প্রতিক, ঐতিহাসিক এবং নির্ণায়ক নির্বাচনী জয়ের জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি অঙ্গরাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সরাসরি প্রতিক্রিয়া আন্তর্জাতিক স্তরে ভারতের রাজনৈতিক গুরুত্বেরই প্রতিফলন। একইসঙ্গে, এই ফলাফল জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।