ভারত-চিন সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে বুধবার বেজিংয়ে সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয়কারী প্রক্রিয়ার ৩৫-তম বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব সুজিত ঘোষ। চিনা প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন চিনের বিদেশ মন্ত্রকের সীমান্ত ও সামুদ্রিক বিভাগের মহাপরিচালক হউ ইয়ানছি।
বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘আলোচনা ছিল গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী। দুই পক্ষ ভারত-চিন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তাতে তারা সন্তোষ প্রকাশ করেছে। এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করার পথে অগ্রগতি সম্ভব হয়েছে।‘
বৈঠকে দুই দেশ সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, বিভিন্ন প্রক্রিয়া গঠন এবং আন্তঃসীমান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সীমান্তবর্তী নদী বিষয়ক বিশেষজ্ঞ পর্যায়ের উপর জোর দেয় ভারত। বৈঠক দুই পক্ষই সম্মতি জানিয়েছে, পরবর্তী বিশেষ প্রতিনিধি বৈঠকে বাস্তবধর্মা প্রস্তুতি নেওয়া হবে। এই বৈঠক চিনে অনুষ্ঠিত হওয়ার কথা।
ভারতীয় প্রতিনিধিদলের প্রধান চিনের বিদেশ মন্ত্রকের এশিযা বিষয়ক বিভাগের মহাপরিচালক লিউ জিনসঙের সঙ্গে সাক্ষাৎ করেন। চিনের সহকারী বিদেশমন্ত্রী হং লেইয়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।