ইমিগ্রেশন ছাড়াই আন্তর্জাতিক বিমানে যাত্রা, এয়ার ইন্ডিয়াকে শোকজ

প্রতিনিধিত্বমূলক চিত্র

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ, তিন ইতালীয় নাগরিক বাধ্যতামূলক ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ না করেই দিল্লি থেকে মিউনিখগামী আন্তর্জাতিক বিমানে উঠে ভারত ছেড়ে চলে গিয়েছেন। এই ঘটনায় এয়ার ইন্ডিয়াকে শোকজ নেটিশ পাঠাল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ঘটনার জেরে এয়ার ইন্ডিয়ার পাশাপাশি বিমানবন্দরে যাত্রী পরিচালনার সঙ্গে যুক্ত কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

কেন্দ্রের নোটিশ অনুযায়ী, ঘটনাটি ঘটে ৪ সেপ্টেম্বর। তিন যাত্রী সুরজিৎ সিং, বলবিন্দর কৌর ও গুরুদেব সিং অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার AI-1115 বিমানে দিল্লিতে পৌঁছন। তাঁরা রাত প্রায় ১২টা ৫০ মিনিট নাগাদ দিল্লিতে পৌঁছেছিলেন। এরপর তাঁদের লুফথানসার LH-763 বিমানে চড়ে মিউনিখ যাওয়ার কথা ছিল।

মন্ত্রকের দাবি, অমৃতসর বিমানবন্দরেই ওই তিন যাত্রীকে অমৃতসর-দিল্লি যাত্রার জন্য ডি (D) বোর্ডিং পাস এবং লুফথানসা বিমানের জন্য অনওয়ার্ড বোর্ডিং পাস দেওয়া হয়েছিল। কিন্তু দিল্লিতে পৌঁছনোর পর তাঁদের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আন্তর্জাতিক যাত্রীদের জন্য ইমিগ্রেশন করানো হয়নি। পরিবর্তে তাঁদের ইন্টারন্যাশনাল টু ইন্টারন্যাশনাল (International-to-International) বা I-to-I ট্রান্সফার এলাকায় পাঠিয়ে দেওয়া হয়।


হাব ও স্পোক ব্যবস্থার অনুমোদিত নিয়ম অনুযায়ী, দেশের অন্য বিমানবন্দর থেকে দিল্লি হয়ে আন্তর্জাতিক বিমানে যাত্রা করা যাত্রীদের দিল্লিতে নির্দিষ্ট গেট দিয়ে বেরিয়ে বাধ্যতামূলক ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার কথা। মন্ত্রকের অভিযোগ, তিন যাত্রীকে গেট ৩৯ দিয়ে বের করে ইমিগ্রেশনে পাঠানোর পরিবর্তে ভুলভাবে I-to-I ট্রান্সফার রুটে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁরা বেরোনোর গেটে পৌঁছে ইমিগ্রেশন ছাড়াই মিউনিখগামী বিমানে ওঠেন।

ঘটনাকে গুরুতর নিরাপত্তা লঙ্ঘন বলে উল্লেখ করেছে মন্ত্রক। অমৃতসরে কেন তাঁদের আন্তর্জাতিক বিমানের বোর্ডিং পাস দেওয়া হয়েছিল এবং দিল্লিতে কেন নির্ধারিত যাচাই ব্যবস্থা কাজ করেনি, তা জানতে চাওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া ও স্ট্যাটস (SATS)-এর সংশ্লিষ্ট কর্মীদের ভূমিকা সম্পর্কেও ব্যাখা চেয়েছে মন্ত্রক। এয়ার ইন্ডিয়াকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে প্রশাসনিক ও নিয়ন্ত্রক পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে নকল ক্যানসারের ওষুধ সরবরাহ চক্রের হদিশ, নজরে ৯০টিরও বেশি হাসপাতাল

এদিকে, ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রকও জরুরি বৈঠক ডেকেছে। মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে স্বরাষ্ট্র ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি ইন্টেলিজেন্স ব্যুরো, ব্যুরো অব ইমিগ্রেশন, এয়ার ইন্ডিয়া এবং দিল্লি বিমানবন্দরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অন্যদিকে, দিল্লি বিমানবন্দরের অপারেটর DIAL জানিয়েছে, এই ঘটনায় তাদের কোনও নেটিশ দেওয়া হয়নি। বিমানবন্দরের নিরাপত্তা বহু সংস্থার সমন্বয়ে নির্ধারিত হয়। তাই সেই সমস্ত প্রোটোকল মেনে চলার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে DIAL।