লোকসভায় নতুন বিল পাশ নিয়ে ক্ষোভ রূপান্তরকামীদের

লোকসভায় শীঘ্রই পেশ হতে চলেছে রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, কোনও ব্যক্তি আর নিজের ইচ্ছায় নিজেকে রূপান্তরকামী হিসেবে ঘোষণা করতে পারবেন না। সেই পরিচয় পেতে হলে নির্দিষ্ট চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং তার পর মেডিক্যাল শংসাপত্র জমা দিতে হবে।

বিলটি সামনে আসার আগেই তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমাজকল্যাণ মন্ত্রকের দাবি, রূপান্তরকামীদের স্পষ্ট সংজ্ঞা না থাকায় ভুয়ো পরিচয়ের সংখ্যা বাড়ছে, ফলে প্রকৃত রূপান্তরকামীরা প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে এর বিরোধিতায় সরব বিভিন্ন রূপান্তরকামী সংগঠন। তাদের অভিযোগ, এই সংশোধনী তাদের অধিকার খর্ব করবে এবং লিঙ্গ পরিচয়ের স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।

দেশের নানা প্রান্তে এই বিলের বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধেছে। বিভিন্ন রাজ্যে বিক্ষোভও শুরু হয়েছে। প্রতিবাদকারীদের আশঙ্কা, এই বিল কার্যকর হলে রূপান্তরকামী ব্যক্তিদের স্বাধীনতা ও মৌলিক অধিকার সংকুচিত হবে। পশ্চিমবঙ্গেও সেই প্রতিবাদের প্রভাব পড়েছে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় সোমবার প্রায় ৫০ জন রূপান্তরকামী অধিকারকর্মী রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের দাবি, সরকারকে এই বিল পুনর্বিবেচনা করে সংশোধন করতে হবে।