অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির অভিযোগ সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীদের বক্তব্য, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়া উচিত। এই বিষয়ে দায়ের হওয়া সমস্ত মামলার একসঙ্গে শুনানির সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্ট। আজ, অর্থাৎ সোমবার মামলাগুলির শুনানি হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের কার্যতালিকা অনুযায়ী, প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে এ সংক্রান্ত মামলাগুলির শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
রামমন্দিরে প্রণামী চুরির ঘটনায় ফের সরব হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। রবিবার একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, রামমন্দিরের প্রণামী বাক্সে অনিয়মের বিষয়টি দুঃখজনক। সিটের তদন্তাকারীরা তদন্তের পর নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবেন বলেও আশাপ্রকাশ করেছে সঙ্ঘের নতুন বিবৃতিতে।পাশাপাশি আশাপ্রকাশ করা হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে রামমন্দিরের পরিচালক সংস্থা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট উপযুক্ত পদক্ষেপ করবে।