সুখেন্দুশেখর রায় দুদিন আগেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন। তিনি তৃণমূলের সাংসদ ছিলেন। ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন অসমের তৃণমূল নেত্রী। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় উইকেট পড়ে যাওয়ায় তৃণমূল কংগ্রেসের ফাটল চওড়া হলো বলে মনে করা হচ্ছে। অসমের শিলচরের প্রাক্তন কংগ্রেসের লোকসভা সাংসদ সুস্মিতা দেব ২০১৯ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর ২০২১ সালে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন।
এদিকে এই আসনগুলিতে এবার বিজেপির প্রতিনিধিদের জিতে আসার সম্ভাবনা জোরাল হচ্ছে। একদিকে যখন লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সাংসদই বিদ্রোহী হয়ে উঠেছেন, তখন একের পর এক রাজ্যসভা সাংসদের পদত্যাগ তৃণমূলকে চরম বিড়ম্বনায় ফেলে দিচ্ছে। ২০২১ সালে সুস্মিতা দেবকে কংগ্রেস থেকে তৃণমূলে নিয়ে এসেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা ও অসমে দলের সংগঠন বাড়ানোর গুরুদায়িত্বও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নয়াদিল্লিতে যখন উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনই সুখেন্দুশেখর ও সুস্মিতার উইকেট পড়ে গেল। যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে শুধু সাংসদ পদ ছাড়াই নয়, তৃণমূলের প্রাথমিক সদস্যপদও ত্যাগ করেছেন তিনি। বিজেপিতে যোগদানের গুঞ্জন বাড়িয়ে সুস্মিতা দেখা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে। সুতরাং কোনও সময় নষ্ট করলেন না তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেবের এই পদক্ষেপে চাপে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই দেখা গেল, বুধবার ১০ জনপদে ডেরেক ও’ব্রায়েনকে নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে রাজ্যসভায় ১৬টি আসন রয়েছে। তার মধ্যে রাজ্যসভায় তৃণমূলের মোট সাংসদ সংখ্যা ছিল ১৩ জন। তার মধ্যে দুটি কমে গেল।
তাছাড়া এই আবহে বিধানসভায় বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে অনায়াসেই এই দুটি আসন জিতে যাবে গেরুয়া শিবির। সুতরাং রাজনৈতিকভাবে জাতীয় স্তরে দুর্বল হয়ে পড়ল তৃণমূল। আবার কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ইতিমধ্যেই ২০ জন লোকসভার সাংসদ স্পিকার ওম বিড়লার কাছে একটি স্বাক্ষরিত চিঠি জমা করেছেন বলে খবর। যদিও সেই চিঠি জমা পড়েনি বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আরও দুজন সাংসদ রাজ্যসভা থেকে পদত্যাগ করতে পারেন। তবে তাঁদের নাম এখনও সামনে আসেনি।