সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সংস্থা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার কাউন্সিলের চেয়ারম্যান পদ শূন্য।
তাঁর বক্তব্য, চতুর্দশ প্রেস কাউন্সিলের মেয়াদ শেষ হয়েছে এক বছরেরও বেশি সময় আগে। কিন্তু এখনও পর্যন্ত পঞ্চদশ কাউন্সিল পূর্ণাঙ্গভাবে গঠন করা হয়নি। শুধু তাই নয়, শেষ চেয়ারম্যানের বর্ধিত তিন বছরের মেয়াদও ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হয়ে গিয়েছে। অথচ নতুন চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ তাঁর।
ঋতব্রত বলেন, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া একটি ‘স্ট্যাটুটরি কোয়াসি জুডিশিয়াল বডি’। এর মূল কাজ সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা এবং নৈতিক মান বজায় রাখা। এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দীর্ঘদিন কার্যত নেতৃত্বহীন অবস্থায় থাকা গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
ঋতব্রতর দাবি, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষার ক্ষেত্রে এই শূন্যতা গুরুতর প্রভাব ফেলতে পারে। সরকারের উচিত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করে কাউন্সিল পুনর্গঠন এবং চেয়ারম্যান নিয়োগ করা।
সংসদে তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।