পেঙ্গুইন সরে দাঁড়ানোয় সোনিয়া গান্ধীর ‘বিলঙ্গিং’ বইটির নতুন প্রকাশক হল হার্পারকলিন্স

Photo: Statesman

পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ইন্ডিয়া সরে দাঁড়ানোর পর অবশেষে প্রকাশক পেল সোনিয়া গান্ধীর বহু প্রতীক্ষিত আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অব লাভ’। শুক্রবার হার্পারকলিন্স ইন্ডিয়া ঘোষণা করেছে, তারা ভারতে বইটি প্রকাশ করবে। নির্ধারিত সূচি মেনে আগামী ১০ নভেম্বর বইটি প্রকাশিত হওয়ার কথা। সমাজমাধ্যমে বইটি প্রকাশের কথা জানিয়ে হার্পারকলিন্স উল্লেখ করে বলেছে, ‘আমাদের সময়ের অন্যতম প্রতীক্ষিত রাজনৈতিক স্মৃতিকথা’। প্রকাশকের দাবি, বইটিতে সোনিয়ার ব্যক্তিগত জীবন, ভালোবাসা, কর্তব্য এবং ভারতীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ পথ চলার পাশাপাশি দেশের রাজনীতির অন্দরমহলের একটি বিরল ছবি উঠে আসবে।

ইতালির ছোট শহরে শৈশব থেকে শুরু করে কেমব্রিজে রাজীব গান্ধীর সঙ্গে পরিচয়, প্রেম ও বিয়ে, সোনিয়ার জীবনের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে এই আত্মজীবনীতে। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর তাঁর জীবনে ঘটে যাওয়া পরিবর্তন, ভারতীয় রাজনীতিতে প্রবেশ এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েও বইটিতে বিস্তারিত আলোচনা রয়েছে বলে প্রকাশকের তরফে জানানো হয়েছে।

বইটির ভারতীয় সংস্করণ নিয়ে অবশ্য প্রকাশের আগেই বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে বইটি প্রকাশ করার কথা ছিল পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ইন্ডিয়ার। কিন্তু গত সপ্তাহে এই সংস্থা জানিয়ে দেয়, ভারতে তারা বইটি প্রকাশ করছে না। এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পাণ্ডুলিপির কয়েকটি অংশে পরিবর্তন এবং কিছু বিষয় বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল পেঙ্গুইন। সেই প্রস্তাবে সোনিয়া রাজি না হওয়াতেই চুক্তি ভেস্তে যায় বলে সূত্রের দাবি।


যদিও এই ব্যাখ্যা মানেনি পেঙ্গুইন ইন্ডিয়া। সংস্থার বক্তব্য, পাণ্ডুলিপির সম্পাদনা সংক্রান্ত পরিবর্তন নিয়ে মতপার্থক্যের কারণে বই প্রকাশ না করার সিদ্ধান্তের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা ‘পরিস্থিতির সঠিক প্রতিফলন নয়’। বই প্রকাশে তারা আগ্রহী ছিল বলেও জানিয়েছে প্রকাশনা সংস্থাটি।

পেঙ্গুইনের সিদ্ধান্তের পরেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। কংগ্রেসের অভিযোগ, বিজেপি সরকারের চাপেই পেঙ্গুইন বইটি প্রকাশ থেকে সরে এসেছে। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ প্রশ্ন তোলেন, আরএসএস-কে নিয়ে একাধিক বই প্রকাশে আপত্তি না থাকলেও সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশে কেন আপত্তি তৈরি হল। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও প্রশ্ন তোলেন, একজন বর্ষীয়ান রাজনীতিক তাঁর আত্মজীবনীতে কী লিখবেন, তা প্রকাশক ঠিক করতে পারেন কি না।

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস এবং মোদী সরকারের আমলে ভারতীয় ভূখণ্ডে চিনের দখল নিয়ে লেখা অংশ বাদ দেওয়ার জন্য পেঙ্গুইনের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। যদিও রাজনৈতিক চাপের অভিযোগ অস্বীকার করেছে পেঙ্গুইন।

এদিকে, ভারতের বাইরে বইটির মূল প্রকাশক হিসেবে রয়েছে পেঙ্গুইন র‌্যান্ডম হাউসেরই আলফ্রেড এ নফ। সেই সংস্থার ঘোষণা অনুযায়ী, ১০ নভেম্বর বিশ্বজুড়ে প্রকাশিত হবে এই বই। ভারতে সেই দায়িত্ব এবার নিল হার্পারকলিন্স ইন্ডিয়া। ফলে পেঙ্গুইনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেও নির্ধারিত সময়েই ভারতীয় পাঠকের হাতে পৌঁছতে চলেছে সোনিয়ার আত্মজীবনী।