আগামী ৩ দিনে তাপপ্রবাহ কমবে, ইঙ্গিত মৌসম ভবনের

উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল ভারতীয় আবহাওয়া দফতর। আগামী তিন দিনের মধ্যে তীব্র গরম ও তাপপ্রবাহ পরিস্থিতি অনেকটাই কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূর্ব দিকের আর্দ্র বাতাসের প্রভাবে উত্তর ভারতের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দফতরের মতে, গত কয়েকদিন ধরে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি ছিল। তবে ২৮ মে থেকে ৩০ মে-র মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। এর ফলে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ-সহ বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আইএমডি-র বিজ্ঞানী অখিল শ্রীবাস্তব বলেন, “উত্তর-পশ্চিম ভারতে বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা খুবই বেশি রয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝা এবং সমতল অঞ্চলে পূর্ব দিকের বাতাস প্রবেশের কারণে আগামী কয়েক দিনে পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকা ও পার্শ্ববর্তী সমভূমিতে বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে।”


তিনি আরও জানান, এই আবহাওয়ার পরিবর্তনের ফলে সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কিছু বিচ্ছিন্ন এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিনের দাবদাহ থেকে বড়সড় স্বস্তি মিলতে পারে।

তবে একইসঙ্গে আবহাওয়া দফতর ঝড়-বৃষ্টির কারণে সতর্কতাও জারি করেছে। আইএমডি জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ৮০ কিলোমিটার প্রতিঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।

অখিল শ্রীবাস্তব আরও জানান, উত্তরপ্রদেশের কিছু এলাকায় ঝড়ের গতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, এমনকি কোথাও কোথাও তা ১০০ কিলোমিটার প্রতিঘণ্টাও ছুঁতে পারে। পাশাপাশি জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর এবং ঝড়-বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।