কেন্দ্র-রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ হলে চিনের সাহায্য নেওয়ার হুঁশিয়ারি নাগা সংগঠনের

Tankhul Students Union Press Conference Photo-SNS

মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তবর্তী এলাকায় নাগা নাগরিকদের নিরাপত্তা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল একটি নাগা ছাত্র ও নাগরিক সমাজের সংগঠন। নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে চিন-সহ প্রতিবেশী দেশগুলির সাহায্য নেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

ইম্ফলে মণিপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তাংখুল আজে কাতামনাও লং বা টিএকেএল-এর সভাপতি ইয়ারচুইসো কাশুং। সংগঠনটি সাউদার্ন তাংখুল স্টুডেন্টস ইউনিয়ন নামেও পরিচিত। কাশুং বলেন, ‘এই মুহূর্তে আমরা অত্যন্ত ক্লান্ত।’ তাঁর অভিযোগ, সীমান্তবর্তী নাগা অধ্যুষিত গ্রামগুলিতে বারবার হামলা হলেও নাগরিকদের নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

কাশুংয়ের কথায়, ‘মণিপুর সরকার এবং ভারত সরকার যদি আদিবাসী নাগরিকদের, বিশেষ করে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসকারীদের রক্ষা করতে অনিচ্ছুক বা অক্ষম হয়, তা হলে চিনের মতো প্রতিবেশী দেশগুলির সাহায্য চাওয়া ছাড়া মানুষের আর কোনও উপায় থাকবে না।’ সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যথেষ্ট সুরক্ষা না পাওয়ায় ওই এলাকার মানুষ নিজেদের মণিপুর বা ভারতের অংশ বলেও মনে করছেন না।


নাগা নাগরিকদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের কথাও তুলে ধরেন কাশুং। তামেনলং, সেনাপতি এবং কামজং জেলায় নাগা নাগরিকদের মৃত্যুর উল্লেখ করে তিনি জবাবদিহি দাবি করেন। নিহতদের মধ্যে ১৭ বছরের এক লিয়াংমেই নাগা কিশোর, তিন জন মাও নাগা নাগরিক এবং কামজংয়ের পিলংয়ে নিহত চার জন তাংখুল নাগা নাগরিকের কথাও উল্লেখ করেন তিনি।

মণিপুরের মুখ্যমন্ত্রীকেও নিশানা করেন কাশুং। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী যদি রাজ্য ও রাজ্যের মানুষকে রক্ষা করতে না পারেন, তা হলে তাঁর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। সীমান্তবর্তী গ্রামগুলিতে আরও নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।

এমন এক সময় এই মন্তব্য করা হয়েছে যখন মণিপুরে নাগা-কুকি-জো সংঘাত ঘিরে নতুন করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, চলতি সংঘাতে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। গত এক মাসেই উভয় পক্ষের ১১ জন করে মোট ২২ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।