দিল্লি থেকে ওড়ার সময়ে দুর্ঘটনার কবলে সুইৎজারল্যান্ডের বিমান

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সুইস এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে রানওয়েতে ওঠার ঠিক আগের মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানটি এয়ারবাস এ৩৩০  মডেলের, যার গন্তব্য ছিল সুইজারল্যান্ডের জুরিখ। শনিবার মধ্যরাত পেরিয়ে প্রায় ১টা ৮ মিনিটে ফ্লাইট এলএক্স১৪৭ রানওয়ে ধরে টেক-অফের প্রস্তুতি নিচ্ছিল। বিমানে মোট ২২৮ জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে চারজন শিশু ছাড়াও ছিলেন পাইলট ও কেবিন ক্রু।

উড়ার ঠিক শুরুতেই পাইলট একটি ইঞ্জিনে অস্বাভাবিক সমস্যা লক্ষ্য করেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, ইঞ্জিনে আগুন ধরে গেছে এবং ধোঁয়া বেরোতে শুরু করেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে টেক-অফ বাতিল করা হয় এবং জরুরি ভিত্তিতে বিমানটি থামানো হয়। এরপর দ্রুত যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় রানওয়ের উপরেই।

জরুরি নির্গমনের জন্য বিমানটির আপৎকালীন দরজা খোলা হয়। যাঁরা নিজে বের হতে অসুবিধায় পড়ছিলেন, তাঁদের জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। হুড়োহুড়ির মধ্যে ছয়জন যাত্রী সামান্য আহত হন এবং তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিমানকর্মীদের কেউ আহত হননি বলে জানা গেছে।


ঘটনার পরপরই দমকল বাহিনী রানওয়েতে পৌঁছে ইঞ্জিনে লেগে থাকা আগুন নিয়ন্ত্রণে আনে এবং জল ছিটিয়ে তা সম্পূর্ণ নেভানো হয়। বিমানবন্দরজুড়ে সাময়িক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

সুইস এয়ারলাইন্স এক বিবৃতিতে এই ঘটনাকে দুঃখজনক ও অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, কী কারণে ইঞ্জিনে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি যাত্রীদের সহায়তার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।