আয়-বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত অভিযোগে সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED) যে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট, বুধবার তা সম্পূর্ণ খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মামলাটি নতুন করে বিবেচনার জন্য ফের এলাহাবাদ হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের ওই মামলায় রাহুল গান্ধীকে পক্ষভুক্ত (implead) করার নির্দেশ দেওয়ার পাশাপাশি আবেদনটি আদৌ বিচারযোগ্য বা গ্রহণযোগ্য কি না, তা-ও নতুন করে খতিয়ে দেখতে বলেছে শীর্ষ আদালত।
রাহুলের বক্তব্য না শুনেই নির্দেশ কেন
রাহুল গান্ধী এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (disproportionate assets) থাকার অভিযোগ তুলে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কর্ণাটকের এক বিজেপিকর্মী এস বিঘ্নেশ শিশির (S Vignesh Shishir)। এর আগে রাহুলের ‘দ্বৈত নাগরিকত্ব’ (dual citizenship) থাকার অভিযোগ তুলে একাধিক মামলা দায়ের করেও চর্চায় এসেছিলেন এই আবেদনকারী। তাঁর সাম্প্রতিক আবেদনের প্রেক্ষিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অভিযোগ যাচাইয়ের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট, যা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস সাংসদ।
শীর্ষ আদালতে রাহুল গান্ধীর হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল। আবেদনে রাহুলের তরফে অভিযোগ করা হয়েছিল, তাঁকে এই মামলায় পক্ষভুক্ত না করেই এবং তাঁর কোনও বক্তব্য না শুনেই একতরফা অন্তর্বর্তী নির্দেশ দিয়ে দিয়েছে হাইকোর্ট, যা আদতে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত বা ‘ফিশিং এক্সপিডিশন’ (fishing expedition) চালানোর ছাড়পত্রের শামিল। পাশাপাশি, এই মামলা করার ক্ষেত্রে আবেদনকারীর আদৌ কোনও আইনি অধিকার (locus standi) নেই এবং তিনি নিজের সঠিক পরিচয়ও গোপন করেছেন বলে দাবি করেন রাহুল। এমনকি গোপনীয় তদন্ত প্রক্রিয়ার তথ্য কী ভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে গেল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল।
এর আগে গত ১৭ আগস্ট এই মামলার শুনানিতে রাহুলের বক্তব্য না শুনেই নির্দেশ দেওয়ার বিষয়টি নিয়ে এলাহাবাদ হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। সেই সময়ই হাইকোর্টের বিচারপ্রক্রিয়া স্থগিত রাখার পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই এবং ইডি-কে কোনও রিপোর্ট জমা না দিতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। বুধবার সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের পর চূড়ান্ত ভাবে হাইকোর্টের নির্দেশগুলিই বাতিল করে দিল প্রধান বিচারপতির বেঞ্চ।
কী নির্দেশ দিয়েছিল হাইকোর্ট
মামলার সূত্রপাত হয়েছিল চলতি বছরের মে মাসে। সে সময় বিঘ্নেশ শিশিরের আবেদনের শুনানিতে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছিল, আবেদনকারীর অভিযোগ যদি তদন্তকারী সংস্থাগুলির কাছে পৌঁছে থাকে, তবে আইন মেনে সেই অভিযোগের সত্যতা যাচাই করা প্রত্যাশিত এবং আইন অনুযায়ী সিবিআই বা ইডি প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে। পরবর্তী কালে তদন্তের অগ্রগতি কত দূর হয়েছে, তা জানিয়ে দুই সংস্থাকে রিপোর্ট দিতে বলে আদালত।
এর পর গত ২০ জুলাই ফের মামলাটি শুনানির জন্য উঠলে সিবিআইয়ের জমা দেওয়া হলফনামা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে এলাহাবাদ হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল, সিবিআইয়ের হলফনামা আগের নির্দেশ মেনে তৈরি করা হয়নি এবং অভিযোগের অগ্রগতি নিয়ে তাতে স্পষ্ট কোনও ব্যাখ্যা নেই। ফলে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার (Anti-Corruption division) এক শীর্ষ আধিকারিককে নতুন করে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। অন্য দিকে, ইডি প্রয়োজনীয় পদক্ষেপ করেছে বলে উল্লেখ করে আদালত জানিয়েছিল, তদন্তে কোনও গ্রহণযোগ্য তথ্য উঠে এলে সংস্থাটি যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে স্বাধীন।
হাইকোর্টের সেই দুই নির্দেশই এ বার খারিজ হয়ে যাওয়ায় আপাতত সিবিআই-ইডি তদন্তের খাঁড়া সরল রাহুল গান্ধীর মাথার ওপর থেকে। এখন এলাহাবাদ হাইকোর্টে রাহুলকে পক্ষভুক্ত করে নতুন করে শুনানি শুরু হলে, প্রথমেই খতিয়ে দেখতে হবে বিজেপিকর্মীর এই মামলাটি আদৌ আইনি ভাবে টিকে থাকার যোগ্য কি না।