আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্ট-এ। বুধবার বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতা-র বেঞ্চে মামলাটি ওঠার কথা থাকলেও তা হয়নি। টানা তৃতীয় বার শুনানি স্থগিত হওয়ায় মামলার নিষ্পত্তি আরও বিলম্বিত হল। আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি হবে ১৮ মার্চ।
গত ৩ ফেব্রুয়ারি প্রথম শুনানির দিন ধার্য ছিল। সে সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে জানায়, রাজ্যের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য সময় প্রয়োজন এবং তারা পাল্টা হলফনামা দাখিল করতে চায়। সেই আবেদন মঞ্জুর করে আদালত এক সপ্তাহ সময় দেয়। পরবর্তী শুনানির দিন ঠিক হয় ১০ ফেব্রুয়ারি। কিন্তু ওই দিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় শুনানি হয়নি।
বুধবার ফের মামলাটি উঠলে কেন্দ্রের সলিসিটর জেনারেল আদালতে জানান, রাজ্যের বক্তব্যের জবাব প্রস্তুত হলেও তা এখনও জমা করা হয়নি; দিনের মধ্যেই দাখিল করা হবে। এরপর বেঞ্চ শুনানি প্রায় এক মাস পিছিয়ে দেয়।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কয়লাপাচার মামলার তদন্তে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন-এর বাড়ি ও দফতরে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলাকালীন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা ও নথি কেড়ে নেওয়ার অভিযোগ তুলে ইডি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। পাল্টা রাজ্যও ইডির বিরুদ্ধে মামলা দায়ের করে। ১৫ জানুয়ারির শুনানিতে আদালত রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দেয়, যা ২ ফেব্রুয়ারি জমা পড়ে। সেই হলফনামায় রাজ্য ইডির মামলা খারিজের আবেদন জানিয়ে তল্লাশির পদ্ধতি ও নোটিস না দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে।