ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের ল্যান্ডিং গিয়ারে প্রযুক্তিগত ত্রুটি। এরপরেই পুনে বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইন্ডিগোর একটি বিমান। রবিবার সকালে পুনে থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর বিমানটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ১৯২ জন ছিলেন। বিমানটি নিরাপদে অনতরণ করায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কোনও যাত্রী বা বিমানকর্মী আহত হননি।
জানা গিয়েছে, ইন্ডিগোর 6E 0623(VT-IZE) বিমানটি পুনে থেকে সকাল ৭টা ১৭ মিনিটে রওনা দেয়। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানের ল্যান্ডিং গিয়ার গুটানোর সময়ে সমস্যা দেখা যায়। ল্যান্ডিং গিয়ারটা বিপজ্জনকভাবে বাইরে বেরিয়ে ছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপরেই পুনে বিমানবন্দর কর্তৃপক্ষ, ইন্ডিগো ও অন্যান্য জরুরি পরিষেবা সংস্থার মধ্যে সমন্বয় শুরু হয়।
পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় বায়ুসেনার তরফে ফুল এমার্জেন্সি ঘোষণা করা হয়। বিমানবন্দরে দমকলের ইঞ্জিন, অ্যম্বুল্যান্স ও জরুরি উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়। অবতরণের আগে ল্যান্ডিং গিয়ার কী রকম রয়েছে, তা পরীক্ষা করতে বিমানটি রানওয়ের উপর দিয়ে একবার নিচু করে উড়ে যায়। এরপর সকাল ৯টা ৪ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।
অবতরণের পর তিনটি দমকলের ইঞ্জিন ও দুটি অ্যাম্বুল্যান্স বিমানটিকে পাহারা দিয়ে ৭ নম্বর বে-তে নিয়ে যায়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত হওয়ার পর সকাল ৯টা ১০ মিনিটে ফুল এমার্জেন্সি প্রত্যাহার করা হয়। এরপর বিমানের সঙ্গে অ্যারোব্রিজ যুক্ত করা হলে সমস্ত যাত্রী নিরাপদে নেমে আসেন।
আরও পড়ুন: ১৬ বছরেই সাবালক হিসেবে গণ্য করা হোক নাবালকদের! মত কেরালা হাইকোর্টের
এদিকে, গুয়াহাটিগামী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প বিমানের ব্যবস্থা করেছে ইন্ডিগো। সংস্থার তরফে বেঙ্গালুরু থেকে একটি বিকল্প বিমান পুনেতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই বিমানের মাধ্যমেই যাত্রীদের গুয়াহাটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ, পাইলটের সতর্কতা ও বিভিন্ন সংস্থার সমন্বয়ের ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।